হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি ড. জালাল, ডাক্তার অনুপস্থিততে ক্ষোভ প্রকাশ
জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে ঢাকায় শপথ গ্রহণ শেষে নিজ নির্বাচনী এলাকায় ফিরেই ভিন্ন বার্তা দিলেন চাঁদপুর-২ ( মতলব উত্তর-দক্ষিণ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড.মো.জালাল উদ্দিন। সংবর্ধনা কিংবা রাজনৈতিক আনুষ্ঠানিকতার পরিবর্তে তার প্রথম গন্তব্য ছিল মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উদ্দেশ্য ছিলো জনগণের চিকিৎসাসেবার বাস্তব চিত্র সরেজমিনে পরিদর্শন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় দলীয় গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বাতিল করে সরাসরি হাসপাতালে যান নবনির্বাচিত সংসদ সদস্য ড.মো.জালাল উদ্দিন। হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছে নেতাকর্মীদের বাইরে রেখে প্রথমে তিনি একাই ভেতরে প্রবেশ করেন।
এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। কারও শয্যার পাশে দাঁড়িয়ে, কারও হাতে হাত রেখে শোনেন তাদের অভিজ্ঞতা, অভিযোগ ও প্রত্যাশার কথা।
এসময় তিনি হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ অধিকাংশ ডাক্তার অনুপস্থিত থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেন।এসময় উপস্থিত থাকা আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাজীব কিশোর বনিকের নিকট চিকিৎসা কর্মকর্তাদের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি সদুত্তর দিতে না পারায় তার উপর ক্ষিপ্ত হন সংসদ সদস্য মো.,জালাল উদ্দিন। এমপি হাসপাতাল পরিদর্শনে এসেছে খবর পেয়ে দুপুর পোনে বারটায় কর্মস্থলে হাজির হন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. গোলাম রায়হান।
এসময় এমপি হাসপাতাল পরিদর্শন করে নানা অনিয়মের বাস্তব চিত্র তুলে ধরে বলেন, হাসপাতালে কোনধরনের অনিয়ম সহ্য করা হবে না।কোন রোগী হাসপাতালে এসে সেবা বঞ্চিত হয়ে ফিরে না যায়।হাসপাতালের মানুষ আসে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফেরার জন্য। কিন্তু বর্তমানে হাসপাতালে যে অবস্থা দেখলাম এতে করে সুস্থ তো দূরের কথা ওই রোগী আরো বেশী অসুস্থ হয়ে বাড়ী ফিরতে হবে।
হাসপাতালের অবকাঠামো, পরিষ্কার পরিচ্ছন্ন, ডাক্তারদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা, সঠিক সময়ে অফিসে আসা এবং যাওয়া, দালালমুক্ত হাসপাতাল থাকতে হবে।হাসপাতালের যেকোন ধরনের সমস্যার বিষয়ে আমাকে অবগত করবেন তা দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে ইনশাআল্লাহ।
এদিকে কাউকে না জানিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের হঠাৎ হাসপাতালে আসাকে সাধুবাদ জানিয়েছেন সকল শ্রেণী পেশার মানুষ ।
নিয়মিত স্বাস্থ্য কমপ্লেক্স তদারকি করার অনুরোধ জানিয়েছেন সেবা নুতে আসা রোগী ও সাধারণ জনগণ।
এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোজাহিদুল ইসলাম কিরণ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,
২৪ ফেব্রুয়ারি ২০২৬