স্মৃতিময় যুব সংঘের উদ্যোগে কোরআন শিক্ষার সমাপ্তি ও পুরস্কার বিতরণ
চাঁদপুরে স্মৃতিময় যুব সংঘের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র রমজানে মাসজুড়ে শুদ্ধভাবে কোরআন শিক্ষা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর ইউনিয়নের পূর্ব রামদাসদী হাজী দাইম খান সাহেবের বাড়ির সামনে বাইতুল নূর জামে মসজিদে এই কোরআন শিক্ষার আয়োজন করা হয়। এতে অভিজ্ঞ আলেম দারা পুরো রমজান মাস ব্যাপি এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের কোরআন শিক্ষাদান করা হয়।
১৭ মার্চ সোমবার (২৭ রমজান) দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কোরআন শিক্ষার ক্লাসের সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় ক্লাসে নিয়মিত উপস্থিত থাকা মুসল্লীদের মধ্য থেকে ১০ জনকে পুরস্কার হিসেবে বিভিন্ন উপহার প্রদান করা হয়। এছাড়া দোয়া মাহফিলে অংশগ্রহণকারী প্রায় ৫০ জন মুসল্লির মাঝে উপহার হিসেবে টুপি, তসবিহ ও মেসওয়াক বিতরণ করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সদস্যরা বলেন, কোরআন শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এবং নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত এলাকার মুসল্লিরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এলাকায় কোরআন শিক্ষার এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
১৭ মার্চ ২০২৬