স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় চাঁদপুর সদর-হাইমচর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমদ মানিকের পক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সলিমুল্লাহ সেলিম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উভয়ই স্বাধীনতার পক্ষের শক্তি। এই দুটি দলের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং দেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অথচ যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, আজ তারাই রাষ্ট্রক্ষমতা ভোগ করতে চায়।
তিনি আরও বলেন, “আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। তাই আগামী দিনে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে দেশ পরিচালনা করব এবং দেশবিরোধী অপশক্তি জামায়াতকে রুখে দেব।”
জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী মওদূদীর আদর্শের ইসলাম কায়েম করতে চায়, যা মদিনার ইসলাম নয়। “আমরা মদিনার ইসলামের পক্ষে, মওদূদীদের ইসলামের পক্ষে নই। মিশরের নীল নদের পানি যেমন প্রকৃত অর্থে নীল নয়, তেমনি মওদূদীর ইসলামও প্রকৃত ইসলাম নয়”।
মুফতি সাব্বির আহমদের সঞ্চালনায় পথসভায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম কাসেমী।
পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি, চাঁদপুর জেলার প্রধান সমন্বয়ক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী।
এ সময় আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাওলানা সালেহ আহমদ, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, ঢাকা মহানগর শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সালেহ আহমদ, নারায়ণগঞ্জ আমলাপাড়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মাকসুদুর রহমান, জমিয়তের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা, জেলা প্রচার সম্পাদক মুফতি আরিফ বিল্লাহ কাসেমী, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম এবং জেলা মহিলা জমিয়তের নেতৃবৃন্দসহ অন্যান্য নেতাকর্মীরা।
নিজস্ব সংবাদদাতা/
২ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur