চাঁদপুর শহরের ‘এসকে শিল্পালয়’-এর স্বত্বাধিকারী স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তাঁর পরিবারের তিন সদস্যকে চট্টগ্রামের পটিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে তাদের উদ্ধার করা হয়।
এদিকে আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসের নিরুদ্দেশ হওয়া এবং উদ্ধারের পর তাকে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়ে শুক্রবার বিকেলে চাঁদপুর সদর মডেল থানায় প্রেস ব্রিফিং করেছে পুলিশ। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, পিন্টু দাস ঋণগ্রস্ত ছিলেন এবং দেনার দায়ের বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন। তবে কী কারণে তিনি পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে গিয়েছিলেন, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আত্মগোপনের পিছনে অন্য কোন উদ্দেশ্য আছে কিনা, সেই জন্য তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখানো হবে। পিন্টু দাসকে জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে একটি দল চাঁদপুরে আসছে।
সম্প্রতি রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় চাঁদপুর থেকে চারজন নিখোঁজের বিষয়টি নিয়েও পুলিশ প্রশাসনে উদ্বেগ তৈরি হয়। এরপর পিন্টু দাস ও তাঁর পরিবারের সদস্যদের উদ্ধারে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর মডেল থানা পুলিশ তৎপর হয়। দুই দিন ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে অবশেষে তাঁদের অবস্থান শনাক্ত করে পুলিশ।
এদিকে পিন্টু দাসের বিরুদ্ধে বন্ধক রাখা স্বর্ণ ফেরত না পাওয়ার অভিযোগে চাঁদপুর সদর মডেল থানায় একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন। এছাড়া তিনি শহরের মিজানুর রহমান চৌধুরী সড়কের সৌর ভিলায় ভাড়া থাকতেন। ওই বাসার মালিকের ছেলে রাসেল খান গত ২২ আগস্ট সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের মিজানুর রহমান চৌধুরী সড়কের সৌর ভিলায় ভাড়া থাকতেন। অভিযোগ রয়েছে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে স্বর্ণ বন্ধক রেখে নেওয়া টাকা ফেরত দিতে না পারায় তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে আত্মগোপনে চলে যান। উদ্ধারের পর বর্তমানে পিন্টু দাস ও তাঁর পরিবারের সদস্যরা পুলিশের হেফাজতে রয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।
প্রেস ব্রিফিং সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজ আহমেদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
প্রতিবেদক: শরীফুল ইসলাম/
২৮ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur