সুস্থ থাকতে বিশুদ্ধ পানির ভূমিকা
পানি জীবনের জন্য অপরিহার্য একটি উপাদান। মানবদেহের প্রায় ৬০-৭০ শতাংশই পানি দিয়ে গঠিত। বিশুদ্ধ পানি পান করা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । দূষিত পানি বিভিন্ন রোগের কারণ হতে পারে এবং জীবনকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বব্যাপি অসংখ্য মানুষ প্রতিবছর দূষিত পানিবাহিত রোগে আক্রান্ত হয় এবং মৃত্যুবরণ করে। তাই বিশুদ্ধ পানির গুরুত্ব অপরিসীম। বিশুদ্ধ ও নিরাপদ পানি মানুষের জীবনে কেন গুরুত্বপূর্ণ সে সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য জেনে নিতে পারবো এখান থেকে।
শারীরিক কাজে পানির ভূমিকা
বিশুদ্ধ পানি শরীরের অঙ্গকে কাজ করতে ও সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । রক্ত সঞ্চালন, পুষ্টি পরিবহন এবং বর্জ্য নিষ্কাশনে পানি অপরিহার্য । দেহের কোষ, টিস্যু এবং অঙ্গগুলো সঠিকভাবে কাজ করার জন্য পর্যাপ্ত পানি প্রয়োজন। পানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ঘামের মাধ্যমে দেহকে ঠান্ডা রাখে।
হজম প্রক্রিয়ায় পানি খাদ্য ভাঙতে এবং পুষ্টি শোষণে সাহায্য করে। কিডনি দেহের বিষাক্ত পদার্থ পরিশোধন করতে পানি ব্যবহার করে এবং প্রস্রাবের মাধ্যমে বাইরে বের করে দেয়। মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র সঠিকভাবে কাজ করার জন্য পর্যাপ্ত পানি দরকার।
পানিশূন্যতা মাথাব্যথা, মনোযোগহীনতা এবং ক্লান্তির কারণ হতে পারে। জয়েন্ট এবং হাড়ের মধ্যে থাকা তরল পদার্থ পানির উপর নির্ভরশীল যা চলাচলে সহজতা প্রদান করে এবং ঘর্ষণ কমায়। ত্বকের আর্দ্রতা এবং স্বাস্থ্য বজায় রাখতেও বিশুদ্ধ পানি অপরিহার্য।
রোগ প্রতিরোধে বিশুদ্ধ পানির গুরুত্ব
দূষিত পানিতে ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবী এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকতে পারে যা মারাত্মক স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে। কলেরা, টাইফয়েড, ডায়রিয়া, আমাশয়,হেপাটাইটিস-এ এবং ই-এর মতো রোগ দূষিত পানির মাধ্যমে ছড়ায়। বিশেষত শিশু এবং বয়স্কদের জন্য এসব রোগ জীবনঘাতী হতে পারে। বিশুদ্ধ পানি পান করলে এ ধরনের পানিবাহিত রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়।
আর্সেনিক,সীসা, ফ্লোরাইড এবং অন্যান্য ভারী ধাতু দূষিত পানিতে পাওয়া যায় যা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে। আর্সেনিক ক্যান্সার, ত্বকের রোগ এবং স্নায়বিক সমস্যার কারণ হতে পারে। সীসা শিশুদের মানসিক বিকাশে বাধা দেয় এবং মস্তিষ্কের ক্ষতি করে। অতিরিক্ত ফ্লোরাইড দাঁত এবং হাড়ের সমস্যা সৃষ্টি করে। তাই বিশুদ্ধ পানি পান করা এসব ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা পেতে সাহায্য করে।
পুষ্টি শোষণ এবং হজমে সহায়তা
বিশুদ্ধ পানি খাদ্য হজম এবং পুষ্টি শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পানি খাদ্যকে নরম করে এবং পরিপাক রস তৈরিতে সহায়তা করে। লালা নি:সরণে পানি প্রয়োজন যা খাদ্য ভাঙার প্রথম ধাপ। পাকস্থলী এবং অন্ত্রে খাদ্য সঠিকভাবে চলাচলের জন্য পর্যাপ্ত পানি থাকা জরুরি।
কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে পানি অত্যন্ত কার্যকর কারণ এটি মলকে নরম রাখে এবং পরিত্যাগ সহজ করে। ভিটামিন, মিনারেল এবং অন্যান্য পুষ্টি উপাদান রক্তের মাধ্যমে কোষে পৌঁছাতে পানি বাহক হিসেবে কাজ করে। পানি পুষ্টি উপাদানকে দ্রবীভূত করে যাতে কোষগুলো সহজে শোষণ করতে পারে।
এ ছাড়া পানি বিপাকীয় প্রক্রিয়ায় সৃষ্ট বর্জ্য পদার্থ কিডনিতে নিয়ে যায় যেখানে তা পরিশোধিত হয়ে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়।
ওজন নিয়ন্ত্রণ এবং শক্তি বৃদ্ধি
বিশুদ্ধ পানি পান করা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। খাবার আগে পানি পান করলে পেট কিছুটা ভরা থাকে এবং খাবারের পরিমাণ কমে যায়। পানি ক্যালোরিমুক্ত হওয়ায় এটি মিষ্টি পানীয়, কোল্ড ড্রিংস বা জুসের বিকল্প হিসেবে চমৎকার কাজ করে যা ক্যালোরি গ্রহণ কমায়। মেটাবলিজম বাড়াতেও পানি সহায়ক যা ওজন কমাতে সাহায্য করে।
পর্যাপ্ত পানি পান করলে শরীর সতেজ এবং শক্তিশালী থাকে। ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের সময় শরীর ঘামের মাধ্যমে পানি বের হয়ে যায়। তাই এ সময় বেশি পানি পান করা প্রয়োজন। ডিহাইড্রেশন পেশীর ক্র্যাম্প, মাথা ঘোরা এবং কর্মক্ষমতা হ্রাসের কারণ হয়। পানিশূন্যতা ক্লান্তি এবং দুর্বলতার প্রধান কারণ।
মানসিক স্বাস্থ্য এবং মনোযোগ
পানিশূন্যতা মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে কারণ মস্তিষ্কের প্রায় ৭৫ শতাংশই পানি। তাই পর্যাপ্ত পানি মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখার জন্য অপরিহার্য। পানি পান করলে মনোযোগ, স্মৃতিশক্তি এবং চিন্তাভাবনার ক্ষমতা বৃদ্ধি পায়। এমনকি হালকা পানিশূন্যতাও মেজাজ খারাপ, উদ্বেগ এবং মানসিক চাপ বাড়াতে পারে।
মাথাব্যথা এবং মাইগ্রেনের সমস্যা অনেক ক্ষেত্রে পানিশূন্যতা কারণে দেখা দিতে পারে। তাই বিশুদ্ধ পানি পান এসব সমস্যা কমাতে সাহায্য করে।
সামগ্রিক সুস্থতা
নিয়মিত বিশুদ্ধ পানি পান করলে স্বাস্থ্যঝুকি কমে। বিশেষ করে হৃদরোগ, কিডনি রোগ এবং মূত্রনালীর সংক্রমণের মতো রোগের ঝুঁকি কমায়। পানি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং রক্ত সঞ্চালনে সাহায্য করে। কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমাতে প্রচুর পানি পান অত্যন্ত কার্যকরি ভূমিকা পালন করে। ত্বক, চুল এবং নখ ভালো রাখার জন্যও বিশুদ্ধ পানি প্রয়োজন। পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল,মসৃণ এবং তারুণ্যবান থাকে।
উপসংহার
সুস্বাস্থ্য বজায় রাখার একটি শক্তিশালী উপায় হচ্ছে বিশুদ্ধ পানি পান করা। প্রতিদিন কমপক্ষে ৮-১০ গ্লাস বিশুদ্ধ পানি পান করা উচিত এবং পানির মান নিশ্চিত করতে ভালো মানের পানির ফিল্টার বা বিশুদ্ধকরণ ব্যবস্থা ব্যবহার করা উচিত। বিশুদ্ধ পানি শুধু একটি চাহিদা নয় । এ টি সুস্থ জীবনের ভিত্তি। তাই বিশুদ্ধ পানির প্রতি আমাদের প্রত্যেকরই গুরুত্ব দেয়া উচিৎ।
সংকলিত প্রতিবেদন
১ ৬ এ প্রি ল ২ ০ ২ ৬
এ জি