সুস্থ চোখ, স্বাভাবিক জীবন—দৃষ্টিশক্তি রক্ষায় বাড়ুক সচেতনতা- ইউএনও

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চাঁদপুরে সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘চোখের যত্ন নিন, দৃষ্টিকে সুরক্ষিত রাখুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৮ অক্টোবর) চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

সাধারণ মানুষের মধ্যে চোখের স্বাস্থ্য সুরক্ষা, দৃষ্টি সমস্যা প্রতিরোধ, বিভিন্ন চক্ষুরোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

দিবসের শুরুতে চাঁদপুর সদর উপজেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চক্ষু স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবী এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রতিনিধিরা অংশ নেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা নিয়মিত চোখ পরীক্ষা, চক্ষুরোগ প্রতিরোধ ও অন্ধত্ব প্রতিরোধের বিভিন্ন সচেতনতামূলক বার্তা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

র‍্যালি শেষে সদর উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম.এন জামিউল হিকমা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাভাবিক ও সুস্থ কর্মক্ষম জীবনের জন্য সুস্থ দৃষ্টিশক্তি অন্যতম প্রধান ভিত্তি। শিশুদের জন্মগত ও বয়সজনিত বিভিন্ন সমস্যা, চোখের ছানি, গ্লুকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং বিভিন্ন সংক্রমণের কারণে মানুষের দৃষ্টি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে এবং নিয়মিত সঠিক চিকিৎসা গ্রহণ করলে এসব কারণে সৃষ্ট অন্ধত্বের সিংহভাগই প্রতিরোধ করা সম্ভব।

তিনি বলেন, চোখে কোনো ধরনের অস্বস্তি বা সমস্যা দেখা দিলে ফার্মেসি থেকে নিজের ইচ্ছেমতো ড্রপ বা ওষুধ কিনে ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক। এতে চোখের স্থায়ী ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই চোখে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

তিনি আরও বলেন, শিশুদের নিয়মিত চক্ষু পরীক্ষা করা প্রয়োজন। পাশাপাশি বয়স্কদের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত চোখের জটিলতা নিয়মিত পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে দৃষ্টিজনিত অনেক জটিলতা প্রতিরোধ করা সম্ভব।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাইফুল ইসলাম, ব্র্যাক জেলা স্বমন্বয়ক মোঃ জিয়াউর রহমান, ব্র্যাক চাঁদপুর জেলা ব্যবস্থাপক (স্বাস্থ্য কর্মসূচি) গোলাম মোস্তফা, এলাকা ব্যবস্থাপক ( ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি) লিটন কুমার মল্লিক, এবং ব্র্যাক চাঁদপুর সদর প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ফিল্ড অর্গানাইজার জসিম উদ্দিন পাটোয়ারী।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৮ অক্টোবর ২০২৬