সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার সভাপতি সাংবাদিক মনির, দাতা সদস্য সোহাগ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার অভিভাবক ও সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার (৪ মে) উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর গ্রামে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইলশেপাড় পত্রিকার সহকারী সম্পাদক ও জাতীয় দৈনিক ভোরের সময়-এর স্টাফ রিপোর্টার এবং চাঁদপুর জজ কোর্টের শিক্ষানবিস আইনজীবী অ্যাডভোকেট মনির হোসেন।
দীর্ঘ প্রায় দুই যুগ ধরে পেশাদার সাংবাদিকতায় সম্পৃক্ত মনির হোসেন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি শিক্ষাজীবনে স্নাতক সম্পন্ন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব চাঁদপুরের ২০২৬ সালের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চাঁদপুর শহরের চাঁদপুর মেরিন হাসপাতাল ও কনসালটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক এবং মেহরাজ ভ্যারাইটিজ স্টোর ও মেহরাব কম্পিউটারের স্বত্বাধিকারী।
নবনির্বাচিত সভাপতি মনির হোসেন বলেন, “প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত আমি এই প্রতিষ্ঠানের প্রাথমিক স্তরের ছাত্র ছিলাম। আজ সেই প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হওয়া আমার জন্য গর্ব ও আনন্দের বিষয়।”
তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান, প্রতিষ্ঠানের সাবেক সফল সভাপতি ও শিক্ষানুরাগী নেতা আলহাজ্ব ফারুক মোল্লা রিপনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।
মনির হোসেন আরও বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে শিক্ষক, অভিভাবক এবং রাজনৈতিক-সামাজিক সকল মহলের সহযোগিতা কামনা করছি। স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন-এই চেতনায় কাজ করতে চাই। আল্লাহ আমাদের সহায় হোন।”
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-
সদস্য সচিব: মাওলানা আখতার হোসেন সাদেকী প্রতিষ্ঠাতা সদস্য: মোস্তাফিজুর রহমান পাটোয়ারী দাতা সদস্য: মাহবুব মোল্লা সোহাগ
শিক্ষক প্রতিনিধি: মো. আনারুল হক, আব্দুল আজিজ ও পাখি খাতুন অভিভাবক প্রতিনিধি: মো. কবির হোসেন মোল্লা, মো. জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, মো. জসিম উদ্দিন পাটোয়ারী ও মো. হাবিবুর রহমান সোহাগ
এ সময় উপস্থিত ছিলেন সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ মিজি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল।
স্টাফ রিপোর্টার/ ৪ মে ২০২৬