ঢাকার সাভারে অটোরিকশা চুরির অপবাদ দিয়ে পৌর এলাকার উলাইলে আবুল খায়ের পাটওয়ারী (২৭) নামে এক যুবককে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। এঘটনায় পুলিশ অটোরিকশা গ্যারেজের মালিক নুরুজ্জামানকে (৩৫) আটক করেছে।
নিহত আবুল খায়ের চাঁদপুর জেলার সদর থানার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামের লোকমান পাটওয়ারীর ছেলে।
সাভার মডেল থানা ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো: রফিকুল ইসলাম (১) মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নয়া দিগন্তকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৩টার সময় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে, নিহতের পরিবারের দাবি, আবুল খায়ের পাটওয়ারী মানসিক ভারসাম্যহীন ছিল।
নিহতের ছোট ভাই ও মামলার বাদি শাহ পরান পাটওয়ারী জানান, আবুল খায়ের মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত রোববার (১৯ জুলাই) ভোরে চাঁদপুরের গ্রামের বাড়ি থেকে কাউকে না জানিয়ে বেরিয়ে যান। ঢাকা শহরে তার কেউ নেই। তিনি (খায়ের) যে ঢাকা এসেছেন নিজেও জানে না। পরে তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। গত (সোমবার) দিবাগত রাত সাড়ে ১২টার সময় সাভার থানা থেকে ফোন দিয়ে তাদের জানানো হয়, খায়েরের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। পরে তারা থানায় এসে লাশ শনাক্ত করেন।
তিনি আরো জানান, এক অটোরিকশাচালক তার ছোট ছেলেকে সোমবার দুপুরে অটোরিকশা পাহারায় রেখে বাসায় খাবার খেতে যান। তখন তার ভাই আবুল খায়ের বাচ্চাটিকে বলেন, ‘দুই দিন ধরে ভাত খাইনি। ভাত নিয়ে আসো।’ বাচ্চাটি বাসায় গিয়ে তার বাবাকে বিষয়টি জানায়। পরে তার বাবা রিকশার কাছে এসে দেখেন, আবুল খায়ের রিকশার হ্যান্ডেল ধরে বসে রয়েছেন। তখন গ্যারেজ মালিক নুরুজ্জামান তাকে অটোরিকশা চোর অপবাদ দিয়ে পিটুনি দিলে মুহূর্তেই লোকজন জড়ো হতে থাকেন এবং কয়েক দফায় গণপিটুনি দিলে সন্ধ্যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এক পর্যায়ে রাতে দুই ব্যক্তি নিহত আবুল খায়েরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রেখে পালিয়ে যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় ফোন দিলে রাত ৩টার সময় তার লাশটি উদ্ধার করেন এসআই ইসমাইল হোসেন।
পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদনের সময় তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত ছোট ভাই শাহ পরান সাভার মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহতের ছোট ভাই শাহ পরান পাটওয়ারী জানান, রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে ভাইয়ের লাশ গ্রামের বাড়ি নিয়ে যাচ্ছেন।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২১ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur