সাধারণ মানুষের দুয়ারে পৌঁছাবে নতুন বাজেটের সুফল: ফরিদগঞ্জে প্রেস সচিব শিবলী

উপজেলা পর্যায় থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং স্বনির্ভর অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ঘোষিত ‘জীবনবান্ধব’ বাজেটের সুফল সরাসরি জনগণের দুয়ারে পৌঁছে দেওয়া হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এম সালেহ শিবলী।

রোববার (২৩ আগস্ট) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পারিবারিক অনুষ্ঠানে রোববার দুপুরে বাড়িতে পৌছেন স্ব-পরিবারে প্রধানমন্ত্রী প্রেস সচিব সচিব এ এম সালেহ শিবলী। এরপর শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ী এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজনে যোগ দেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রেস সচিব সালেহ শিবলী সরকারের বিভিন্ন দূরদর্শী পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, দেশের সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রাপ্তি আরও সহজ করতে প্রতিটি উপজেলা হাসপাতালের শয্যা সংখ্যা ১৫১ বেডে উন্নীত করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। অর্থনৈতিক দূরদর্শিতার অংশ হিসেবে নতুন বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের ওপর কোনো অতিরিক্ত শুল্ক বা কর আরোপ করা হয়নি।

তিনি আরো বলেন, তরুণদের কর্মসংস্থান ও স্বাবলম্বী করার ক্ষেত্রে বাজেটের যুগান্তকারী পদক্ষেপে নতুন উদ্ভাবনী আইডিয়া ও কর্মসংস্থান সৃষ্টিকারী প্রজেক্টের জন্য তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ৫০ হাজার টাকা থেকে শুরু করে ৫ কোটি টাকা পর্যন্ত অফেরতযোগ্য সরকারি অনুদান দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। একইসঙ্গে সফল উদ্যোক্তাদের উৎসাহিত করতে ১০ বছরের জন্য ভ্যাট ও ট্যাক্স মওকুফের বিশেষ সুযোগ রয়েছে।

অতীতের ঋণ ও আমদানিনির্ভর নীতি থেকে বের হয়ে এসে নিজস্ব উৎস থেকে গ্যাস ও জ্বালানি উত্তোলনের মাধ্যমে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের পথে হাঁটছে সরকার। আমাদের মূল লক্ষ্য দেশের নিজস্ব অর্থনৈতিক সক্ষমতা বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানো।

সামাজিক ও পারিবারিক জীবনের সংহতি ফিরিয়ে আনার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, একটি সুন্দর ও সশৃঙ্খল সমাজ গড়তে হলে আমাদের সামাজিক ও পারিবারিক মূলবোধের চর্চায় ফিরতে হবে। সন্তান ও পরিবারকে পর্যাপ্ত সময় দিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার কথা স্মরণ করে বিএনপিকে জনগণের শান্তিকামী রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করেন এবং ফরিদগঞ্জের সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বস্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, আমজাদ হোসেন সিফন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম নান্টু, সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমানসহ উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রধান মন্ত্রীর প্রেসসচিব গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে পৌঁছালে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বাজার ব্যবসায়ী এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রতিবেদক: শিমুল হাছান,
২৩ আগস্ট ২০২৬