চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. জহিরুল আলম। বিদায়ী অধ্যক্ষ মোহাম্মদ মহসীন কবীরের অবসরজনিত কারণে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। এর আগেও তিনি সুনামের সঙ্গে একই কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
দীর্ঘদিন ধরে শিক্ষকতা, দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে তিনি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের আস্থা অর্জন করেছেন। জানা যায়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের বাসিন্দা মো. জহিরুল আলম ১৯৮৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ১৯৯৩ সালের ২৫ মে সাচার ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। কর্মদক্ষতা ও যোগ্যতার স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। সর্বশেষ আজ ২ আগস্ট থেকে তিনি কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি কলেজের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি কলেজের গভর্নিং বডির সভাপতি এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম , শিক্ষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন। স্থানীয় শিক্ষাবিদ ও সুধীজনরা আশা প্রকাশ করেছেন, তাঁর গতিশীল নেতৃত্বে সাচার ডিগ্রি কলেজ শিক্ষার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur