‘সহিহ হজের জন্য সঠিক জ্ঞানের বিকল্প নেই’

২০২৭ সালের পবিত্র হজ্জ গমনেচ্ছীদের জন্য দিনব্যাপী ফ্রি হজ্জ সেমিনার ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার আম্বিয়া ইউনুস ফাউন্ডেশন মিলনায়তনে স্বনামধন্য ট্রাভেল সংস্থা কসমিক এয়ার ইন্টারন্যাশনাল ও কসমিক হজ্জ গ্রুপ-এর উদ্যোগে এই সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কসমিক হজ্জ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলম শাহিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান।

অনুষ্ঠানে হজ্জের পূর্ণাঙ্গ হুকুম-আহকাম ও সঠিক নিয়মাবলি বিষয়ে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ঢাকা সোবহানবাগ জামে মসজিদের খতিব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, পবিত্র হজ্জ ইসলামের অন্যতম মৌলিক রুকন। শারীরিক ও সামর্থ্যবান ব্যক্তির ওপর এটি ফরজ ইবাদত। তবে সঠিক জ্ঞান ও আহকাম না জানার কারণে অনেকেই হজ্জের মতো মহান ইবাদতে নানাবিধ ভুলত্রুটি করে ফেলেন। হজ্জে মাবরুর বা কবুল হজ্জ নসিব হতে হলে প্রতিটি রুকন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুযায়ী সহিহ ও বিশুদ্ধভাবে আদায় করতে হবে। তাই হজ্জে গমনের পূর্বেই হজ্জের এহরাম, তাওয়াফ, সাঈ, আরাফাতের ময়দানে অবস্থান ও কুরবানিসহ যাবতীয় নিয়মাবলির সঠিক প্রশিক্ষণ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

সেমিনারে বিশেষ বক্তা হিসেবে হজ্জের মাসায়েল নিয়ে আলোচনা করেন ঢাকা মাদ্রাসাতুল হাদিসের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবদুল্লাহ আল মামুন মাদানী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও
আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোতাহার হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মো. মামুনুর রশিদ পাঠান এবং হর্নি দুর্গাপুর ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুস হেলাল।

কসমিক হজ্জ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলম শাহিন জানান, আল্লাহর মেহমানদের সহিহ ও সুন্দরভাবে হজ্জ পালনে সহায়তার উদ্দেশ্যে তাঁদের এই আয়োজন। সেমিনারে চাঁদপুর ও ফরিদগঞ্জের অর্ধশতাধিক হজ্জ গমনেচ্ছুক মুসল্লি সরাসরি অংশগ্রহণ করেন এবং হজ্জ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেন।

প্রতিবেদক: শিমুল হাছান,
২২ আগস্ট ২০২৬