সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কুমিল্লায় জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কুমিল্লা জেলা তথ্য অফিসের গত তিন মাসের কার্যক্রম অবহিতকরণের লক্ষ্যে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে ) সকালে কুমিল্লা সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস এই ব্রিফিংয়ের আয়োজন করে।

 অনুষ্ঠানে গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে পর্যন্ত সরকারের উন্নয়নমূলক প্রচার কার্যক্রমের বিস্তারিত খতিয়ান তুলে ধরা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে মূল বক্তব্য ও তথ্যচিত্র উপস্থাপন করেন কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক।

 ব্রিফিংয়ে কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক জানান, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি মহান জাতীয় সংসদে “করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” ভাবনায় শপথের মাধ্যমে বর্তমান সরকারের যাত্রা শুরু হয়। নতুন সরকার গঠনের মাত্র ২১ দিনের মাথায় ১০ মার্চ ঢাকার কড়াইলে ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কাজ শুরু হয়। এরই ধারাবাহিকতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর দেশব্যাপী ব্যাপক প্রচার কর্মসূচি গ্রহণ করেছে।

ব্রিফিংয়ে গত তিন মাসের (১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে ২০২৬) কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের স্কুল, কলেজ, ইউনিয়ন ও পাড়া-মহল্লা পর্যায়ে ১১টি উঠান বৈঠক, ০১টি নারী সমাবেশ, ২৮৫টি চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ৬২ ইউনিট সড়ক প্রচার বা মাইকিং এবং ৩৮টি অনলাইন প্রচার কার্যক্রম পরিচালিত হয়েছে। 

এছাড়া একটি কৃষক সমাবেশ, একটি নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা এবং মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসূচির ১০টি উদ্বোধন অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সম্পন্ন হয়েছে।

সারাদেশের প্রেক্ষাপট তুলে ধরে ব্রিফিংয়ে জানানো হয়, গণযোগাযোগ অধিদপ্তরের অধীনস্থ ৬৮টি তথ্য অফিস গত তিন মাসে সারাদেশে ১০২১টি উঠান বৈঠক, ৩২৪৮ ইউনিট সড়ক প্রচার, ১১০৬০টি চলচ্চিত্র প্রদর্শন এবং ৩৪০টি প্রধানমন্ত্রীর কর্মসূচির লাইভ সম্প্রচারসহ বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করেছে।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, সরকারের বিশেষ কর্মসূচির আওতায় কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রাথমিক পর্যায়ে ৫৮৭ জনকে ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে। এছাড়া জেলার ১,৪৫৮ জন প্রান্তিক কৃষকের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, পরিবেশ রক্ষায় আগামী জুন ২০২৬-এর মধ্যে জেলায় ৩৫ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ইতিমধ্যে ৫ হাজার গাছ রোপণ করা হয়েছে। পাশাপাশি জেলায় ১৪ কিলোমিটার খাল খনন কাজও সম্পন্ন হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকবৃন্দ সরকারের এই উন্নয়নমূলক প্রচার কার্যক্রমের ওপর নানা গঠনমূলক পরামর্শ ও মতামত তুলে ধরেন।

তারা তৃণমূল পর্যায়ে সরকারের জনকল্যাণমুখী কাজগুলো আরও জোরালোভাবে প্রচারের আহ্বান জানান এবং এই উদ্যোগের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ১৩ মে ২০২৬