সরকারি জাকাত ফান্ডে জাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ সভা

হাইমচর উপজেলার ইমাম ও খতীবদের নিয়ে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা এবং সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ সোমবার সকালে হাইমচর উপজেলা মিলনায়তন ‘পদ্মজল’ এ সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে ও ইসলামিক ফাউণ্ডেশন হাইমচর উপজেলা ফিল্ড সুপারভাইজার মাওলানা মোঃ জুলফিকার হাসান মুরাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান, একাডেমিক সুপারভাইজার আহসানুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক, হাইমচর মডেল মসজিদের ইমাম মাওলানা আবু জাফর মোঃ সালেহ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, যাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোকন। ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ইবাদত হলো সালাত ও যাকাত। কুরআন মজীদে বহু স্থানে সালাত-যাকাতের আদেশ করা হয়েছে এবং আল্লাহর অনুগত বান্দাদের জন্য অশেষ ছওয়াব, রহমত ও মাগফিরাতের পাশাপাশি আত্মশুদ্ধিরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বক্তারা বলেন, সরকারি যাকাত ফান্ডের মাধ্যমে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। তাই সমাজের বিত্তবান মানুষকে এ ফান্ডে যাকাত প্রদান করে মানবিক কাজে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সরকারি যাকাত ফান্ডের কার্যক্রম, এর গুরুত্ব এবং দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

ইসলামিক ফাউণ্ডেশন হাইমচর উপজেলা কর্তৃক আয়োজিত এ সভায় কুরআন তেলওয়াত করেন ছৈয়াল বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আলী হোসাইন। পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। মুনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন আনসারী।

প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)/
৯ মার্চ ২০২৬