Home / চাঁদপুর / সরকারি অনুমতি ছাড়া কোনোভাবেই বালু উত্তোলনের সুযোগ নেই: ডিসি

সরকারি অনুমতি ছাড়া কোনোভাবেই বালু উত্তোলনের সুযোগ নেই: ডিসি

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সাথে জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন, বালু উত্তোলন, কিশোর গ্যাংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে খোলামেলা আলোচনা হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, সরকারি অনুমতি ছাড়া কোনোভাবেই বালু উত্তোলনের সুযোগ নেই। অনুমতি দিলেও তা নির্ধারিত নীতিমালা ও রাজস্ব আদায়ের শর্ত পূরণ করেই দেওয়া হবে। ইতোমধ্যে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১৫টি স্কেভেটর বিকল করা হয়েছে এবং ২১ জনকে আসামি করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতারের পর দ্রুত জামিনে মুক্তির বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন।প্রশাসনের পক্ষ থেকে আদালতের জামিন সংক্রান্ত বিষয়ে কোনো হস্তক্ষেপ করা সম্ভব নয়।

যানজট ও সামাজিক সচেতনতা নিয়ে উদ্যোগ
ডিসি আরও বলেন, শহরের যানজট নিরসনে উপস্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানে সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। পাশাপাশি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ধ্যার পর শিক্ষার্থীদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের হতে নিরুৎসাহিত করতে হবে।

জাটকা রক্ষা অভিযান ও জ্বালানি তেল তদারকি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলমান জাটকা রক্ষা অভিযানে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

জ্বালানি তেলের বিষয়ে ডিসি বলেন, প্রতিটি ফিলিং স্টেশনের জন্য নির্ধারিত বরাদ্দের বাইরে তেল নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদারকির জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশনা থাকলেও তা বাস্তবায়নে সীমাবদ্ধতা রয়েছে বলে জানান তিনি।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক তার বক্তব্যে বলেন, শহরের রাস্তা প্রশস্তকরণ, বিকল্প সড়ক নির্মাণ, নদী ভাঙন রোধ এবং যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে। অটোরিকশাগুলোকে পুনরায় শৃঙ্খলার মধ্যে আনার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, তেলের পাম্পগুলোতে নজরদারি বাড়াতে হবে এবং অতিরিক্ত তেল সংগ্রহ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া শহরে ট্রাক্টর চলাচল বন্ধ এবং গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশ বক্স স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

মাদক ও কিশোর গ্যাং উদ্বেগ নিয়ে তিনি বলেন, মাদক পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। পরিবারভিত্তিক সচেতনতা ছাড়া এটি নিয়ন্ত্রণ সম্ভব নয়। কিশোর গ্যাং দমনে অভিভাবক ও পুলিশের সমন্বিত ভূমিকা জরুরি।

চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মমিনুল হক বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, জনগণের জন্য কাজ করতেই এসেছি। রাজনৈতিক নেতাদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি হাজীগঞ্জ ও শাহরাস্তিতে যানজট নিরসনে পূর্বের উদ্যোগের কথা উল্লেখ করে জেলার সব আসনে সমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

উন্মুক্ত আলোচনায় উঠে আসে সম্ভাবনা ও সংকট সভায় জেলার নদীপথ, রেলপথ, নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এরপর চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান বলেন, জেলার সমস্যাগুলো সম্মিলিতভাবে সমাধান করতে হবে। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সবাই একসাথে কাজ করলে উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানহানিকর কনটেন্টের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর নজরদারির আহ্বান জানান।

এসময় বক্তব্য রাখেন— চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসাইন,
আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু,জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, অ্যাডভোকেট সেলিম আকবর, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান খান, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম বরকন্দাজ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী,চাঁদপুর জেলা শাখা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, চাঁদপুর জেলা এনসিপি আহ্বায়ক মাহবুবুর রহমান, পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগম, চাঁদপুর উইমেন চেম্বারের সভাপতি মুনিরা আক্তার, জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানসহ চাঁদপুর প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সাধারণ সম্পাদক জিএম শাহীন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন—
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা,খেলাফত মজলিসের সভাপতি তোফায়েল আহমেদ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর জেলা সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাদের পলাশ, বীর প্রতীক নৌ কমান্ডো বাচ্চু মিয়া পাটোয়ারী, বিএনপি নেতা খলিলুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

সভায় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সবার সহযোগিতায় চাঁদপুরের উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সরকারের নির্দেশনা মেনে এবং সকল জনপ্রতিনিধিকে সাথে নিয়ে বৈষম্যহীনভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,

১৩ এপ্রিল ২০২৬