সব প্রার্থীর অঙ্গীকার–আচরণবিধি মেনে শান্তিপূর্ণ নির্বাচন
চাঁদপুরের ফরিদগঞ্জে সাম্প্রতিক নির্বাচনী সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রার্থীকে নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভবিষ্যতে যেন কোনো ধরনের সহিংসতা না ঘটে, সে লক্ষ্যে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ফরিদগঞ্জ আসনের আটজন প্রার্থী অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, ফরিদগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর ফারুক জিম, সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম. জাহিদ হাসান এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন।
সভা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্র (চিংড়ি) প্রতীক ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হন। সংঘর্ষের পর বিভিন্ন স্থানে নির্বাচনী অফিস ভাঙচুর ও হুমকির অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয়।
সভায় উপস্থিত প্রার্থীদের মধ্যে ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ, স্বতন্ত্র চিংড়ি প্রতীকের প্রার্থী এম.এ. হান্নান, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মকবুল আহমাদ, নাঙ্গল প্রতীকের প্রার্থী মাহমুদ আলম, মোমবাতি প্রতীকের প্রার্থী আব্দুল মালেক বুলবুল এবং ঘুড়ি প্রতীকের প্রার্থী জাকির হোসেনসহ অন্যান্যরা।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, “নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষায় সকল প্রার্থীকে নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে। কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘন করে সহিংসতা বরদাশত করা হবে না। সাম্প্রতিক ধাওয়া-পাল্টা ধাওয়ার মতো ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে সবাইকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।”
তিনি আরও জানান, সভায় উপস্থিত সকল প্রার্থী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অঙ্গীকার করেছেন এবং ভবিষ্যতে কোনো ধরনের সংঘাত এড়িয়ে চলার আশ্বাস দিয়েছেন।
গতকালকের ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়েছি প্রার্থীরা। যেই অপরাধি হয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি করেছেন।
প্রতিবেদক: শিমুল হাছান,
৬ ফেব্রুয়ারি ২০২৬