সন্ধ্যার ভেতর দেশের ২০ জেলায় কালবৈশাখীর আভাস
দেশের ২০ জেলায় সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঝড়ের কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী, কালবৈশাখীর সময় হঠাৎ ঝড়ো হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের কারণে জনসাধারণকে সতর্ক থাকতে হবে এবং নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
২৯ এপ্রিল ২০২৬
এ জি