চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ভোট আমি চাইনা। তারা দেশের, পরিবারের ও সমাজের শত্রু। মহান আল্লাহ সহায় থাকলে লক্ষ জনতার বিপুল ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হব ইন্শাল্লাহ। দু’চারটা খারাপ লোকের ভোট লক্ষ জনতার ভোটের সাথে মিশ্রিত হয়ে আমার বিজয়কে কলংকিত করতে চাইনা।
শনিবার দুপুরে কচুয়ার সাচার বাজার ব্যবসায়ীদের আয়োজনে সাচার উচ্চ বিদ্যালয় মাঠে এহছানুল হক মিলনকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এহছানুল হক মিলন আরো বলেন, যারা মাদক ব্যবসা ও চাঁদাবাজি করে তারা ১২ ফেব্রুয়ারীর ১২টা ১ মিনিটের আগে ভালো হয়ে যাওয়ার আহ্বান করছি। আর যদি ভাল না হয়, তারা যেন রাতেই কচুয়া ছেড়ে চলে যায়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ দেশকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাখতে চায়।
মিলন আরো বলেন, ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে সাচার বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন,করমুক্ত বাজারসহ ব্যবসায়ীদের সমস্যা সমাধানে কাজ করা হবে। এসময় তিনি দল-মত নির্বিশেষে ধানের শীষে ভোট দিতে ব্যবসায়ীদের নিকট আহ্বান জানান।
তিনি আরো বলেন, ইনশাআল্লাহ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। একটি দল নকল ব্যালট পেপার ও সীল তৈরি করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে। প্রশাসন যদি ওই নকল ব্যালট পেপার ও সীলের মাধ্যমে ভোট গ্রহন করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সাচার বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি গোলাম মাওলা সজিব ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী জিয়া উদ্দিন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, উপজেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট্য ব্যাংকার মামুনুর রশিদ মোল্লা, উপজেলা উত্তর বিএনপির সাধারন সম্পাদক ইউসুফ মিয়াজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন মজুমদার, সাচার ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম সবু প্রমুখ। বাজার ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, মো: জাকির হোসেন, মো: সোহেল রানা, মো: আবু সুফিয়ান, জসিম উদ্দিন সবুজ, হাবিবুর রহমান, মজুল ভূঁইয়াসহ আরো অনেকে।
এসময় কচুয়া উপজেলা বিএনপি ও সাচার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৭ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur