৫ বছরের জন্যে সকল ধর্মের মানুষের প্রতি আমার সমান দায়িত্ব: হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা-৪ দেবীদ্বার আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হসনাত আবদুল্লাহ বলেছেন- আমার দায়িত্ব শুধুমাত্র মুসলমানদের না, সকল ধর্মের মানুষের জন্য। সকলের প্রতি আমার সমান দায়িত্ব। আগামী ৫ বছরের জন্যে আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা ছাড়া আমি সফল হতে পারবো না।
তিনি আজ কুমিল্লার দেবীদ্বারে বাংলাদেশ সেবাশ্রম যুবসংঘের ভক্তবৃন্দের ২১ তম পূনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শুক্রবার সকাল সাড়ে ১১ টায় দেবীদ্বার কালি মন্দিরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার কাছে প্রাধান্য পাবেনা, নাগরিক হিসেবে যে সেবা দেওয়া প্রয়োজন সকলকের জন্য সমানভাবে সেই সেবা অব্যাহত রাখবো।
আলোচনা শেষে বাংলাদেশ সেবাশ্রম যুবসংঘ-এর সকল ভক্তবৃন্দের উদ্যোগে সত্য সেবা ধর্ম শ্লোগানকে সামনে রেখে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
২০ ফেব্রুয়ারি ২০২৬