জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে সংসদ নির্বাচনের ব্যালট পেপার

জুলাই অভ্যত্থানে ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় এক নতুন মাইলফলক স্পর্শ করে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীকসহ ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন ।

সোমবার ২ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

ইসি জানায়, রোববার ১ ফেব্রুয়ারি ঢাকা থেকে ১২ জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে। সেগুলো হলো- মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ,বাগেরহাট, দিনাজপুর,পঞ্চগড়,লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি।

২ ফেব্রুয়ারি সোমবার আরও আট জেলায় ব্যালট পাঠানো হচ্ছে। এগুলো হলো-পটুয়াখালী,বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর।

কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে নিরাপত্তার সঙ্গে ধাপে ধাপে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রি পাঠানো হচ্ছে। এগুলো রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকবে এবং ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে।

সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে প্রায় ২৬ কোটি ব্যালট পেপার ছাপানো হচ্ছে। দু’ভোটের ব্যালট পেপার ছাপাতে মোট ব্যয় হচ্ছে ৪০ কোটি টাকা। তবে গণভোটের জন্য আলাদা করে ব্যালটের কাগজ কেনা হয়নি। সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য কাগজ কেনা হয়েছিল। আপাতত এসব কাগজই গণভোটের জন্য ব্যবহার করা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনের জন্য পরবর্তী সময়ে আবারও কাগজ কেনা হবে বলে জানিয়েছে ইসির বাজেট শাখা।

ফেব্রুয়ারি ২, ২০২৬
এ জি