Home / উপজেলা সংবাদ / কচুয়া / সংরক্ষিত নারী আসনে নাজমুন নাহার বেবীর মনোনয়ন জমা
জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দল কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নাজমুন নাহার বেবী

সংরক্ষিত নারী আসনে নাজমুন নাহার বেবীর মনোনয়ন জমা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন দলাটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দল কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নাজমুন নাহার বেবী।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় দলের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন এবং তাকে শুভেচ্ছা জানান।

নাজমুন নাহার বেবী দেশের শিক্ষা অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত একটি পরিবারের সদস্য। তিনি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সহধর্মিণী।

নাজমুন নাহার বেবী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালগিরী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম মো. ইউনুছ খান খাদ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা ছিলেন এবং মা মৃত নুরুন নাহার বেগম ছিলেন একজন স্নেহময়ী গৃহিণী। পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড়।

তিনি ঢাকার তেজগাঁও পলিটেকনিক্যাল স্কুল থেকে মাধ্যমিক, লালমাটিয়া মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়-এর প্রাণিবিদ্যা বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৮৮ খ্রিষ্টাব্দে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান। পরবর্তীতে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক এর ব্রুকলিন কলেজ থেকে কম্পিউটার ইনফরমেশন সায়েন্সে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

নিউইয়র্কে অবস্থানকালে তিনি যুক্তরাষ্ট্র বিএনপির দপ্তর ও প্রচার সম্পাদিকার দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন থেকেই তাঁর রাজনৈতিক পথচলা শুরু। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ছাত্রীবিষয়ক সম্পাদিকা এবং বেগম রোকেয়া হল শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

বিগত প্রায় চার দশক ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সংগঠনগুলো সক্রিয় ও অগ্রবর্তী নারী নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। ১৯৮২ খ্রিষ্টাব্দে তিনি বেগম রোকেয়া হল ছাত্রদলের সভানেত্রী নির্বাচিত হন এবং ১৯৮৬ খ্রিষ্টাব্দে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ছাত্রী বিষয়ক সম্পাদিকার দায়িত্ব পালন করেন। ১৯৮৯ খ্রিষ্টাব্দে বিএনপি নর্থ আমেরিকা শাখার প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক এবং ১৯৯৩ খ্রিষ্টাব্দে দপ্তর সম্পাদক নির্বাচিত হন।

১৯৯৬ খ্রিষ্টাব্দে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের সদস্য মনোনীত হন। ১৯৯৭ খ্রিষ্টাব্দে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা জাসাসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ খ্রিষ্টাব্দে মহিলা দলের আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হন।

২০০৪ খ্রিষ্টাব্দে তিনি কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হন এবং ২০০৯ খ্রিষ্টাব্দে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ ও ২০১৬ খ্রিষ্টাব্দে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। সর্বশেষ ২০২৩ খ্রিষ্টাব্দে তিনি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নাজমুন নাহার বেবীর দীর্ঘ রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা ও দেশ-বিদেশে দলীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ তাঁকে বিএনপির একজন দৃঢ়চেতা ও প্রভাবশালী নারী নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

প্রসঙ্গত, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত আসন পাবে বলে জানিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

নিজস্ব প্রতিবেদক/

১১ এপ্রিল ২০২৬