সংবিধান সংস্কার না হলে ‘ছুঁড়ে ফেলার’ হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর
বর্তমান সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন আনা না হলে তা বাতিলের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাবে এনসিপির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে যে পরিবর্তনের কথা বলা হচ্ছে, সেই পরিবর্তন সংবিধান থেকেই শুরু করতে হবে। তিনি বর্তমান সংবিধানকে ‘ভারতীয় ও শেখ মুজিবের সংবিধান’ আখ্যা দিয়ে বলেন, “আমরা ফ্যাসিবাদী সংবিধান চাই না, আমরা বাংলাদেশের সংবিধান চাই।
তিনি আরও বলেন, সংবিধানের মৌলিক কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন না আনা হলে কঠোর কর্মসূচিতে যেতে হতে পারে।
তিনি দাবি করেন, এই সংবিধান দেশের জনগণকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। গত ১৭ বছরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ঘরছাড়া ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, সংবিধান সংস্কার করা গেলে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারী শাসনের সুযোগ থাকবে না।
নিয়োগ প্রক্রিয়া নিয়েও সমালোচনা করে তিনি বলেন, বর্তমানে দেশে সর্বত্র কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি বাংলাদেশ ব্যাংকের একটি নিয়োগের সমালোচনা করে বলেন, “যিনি ভক্ষক, তাকেই রক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।”
চাঁদপুরের স্থানীয় প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ জেলা থেকে অনেকেই মন্ত্রী হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, বালু উত্তোলন বন্ধ না হলে নদীভাঙনে অসহায় মানুষের বসতভিটা বিলীন হতে থাকবে।
এছাড়া আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধের দাবি জানিয়ে তিনি সতর্ক করে বলেন, চাঁদপুর থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরানোর কোনো অপচেষ্টা বা কচুয়াকে কেন্দ্র করে কোনো ষড়যন্ত্র হলে চাঁদপুরবাসী ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে।
প্রতিবেদক: শরীফুল ইসলাম,
১৮ মার্চ ২০২৬