সংগীতশিল্পী আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টার শপিং মলের সামনে এ ঘটনা ঘটে। ভাগ্যক্রমে ঘটনার সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না।
গুলির ঘটনাটি গণমাধ্যমকে আসিফ আকবর নিজেই নিশ্চিত করে জানান, ভোরে মগবাজারের বিশাল সেন্টার শপিং মলের সামনে পার্ক করা তার ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার সময় তিনি শপিং মলটির ওপরের তলায় নিজের অফিসে ছিলেন এবং গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন।
তিনি আরও জানান, বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে একটি দল পাঠিয়েছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মগবাজারে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তখন তিনি গাড়িতে ছিলেন না। ফলে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ হামলা কারা চালিয়েছে এবং এর পেছনে উদ্দেশ্য কী ছিল, তাৎক্ষণিকভাবে পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনার বিস্তারিত খতিয়ে দেখছে পুলিশ।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২৪ অক্টোবর ২০২৬