‘শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে’

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার গুণগত পরিবর্তন নিশ্চিত করতে চাঁদপুর শহর ও সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বিদ্যালয়গুলোতে এত সুন্দর সুন্দর ভবন রয়েছে, কিন্তু শিক্ষার ফলাফল ভালো না—এটি মেনে নেওয়া যায় না। আমাদের উদ্দেশ্যটা হল পরিষ্কার। শিক্ষার পরিবেশটা সুন্দর হলে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও চাঁদাবাজ এলাকা থেকে দূরে সরে যাবে। পূর্বে স্কুল-মাদ্রাসার ম্যানেজিং কমিটিগুলো যদুমধু দিয়ে তৈরি করে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিলো।

তিনি আরো বলেন, এসএসসি পরীক্ষায় যারা ফলাফল খারাপ করেছে, তাদের বাড়িতে বাড়িতে শিক্ষকরা যাবেন এবং তাদের সাথে কথা বলবেন, বুঝাবেন। আমি বিশ্বাস করি সে আগামী দিনে পরীক্ষায় ভালো ফলাফল করবে। যে সকল প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে তাদেরকে পুরস্কৃত করা হবে। এ বিষয়ে সরকারের সাথে আমরা আলোচনা করব।

তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে। শুধু ভবন নির্মাণ বা অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না, শিক্ষার্থীরা কী শিখছে এবং তাদের ফলাফল কেমন হচ্ছে, সেদিকেও গুরুত্ব দিতে হবে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আগামীতে ভালো ফলাফল করবে, তাদের পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, আগামীতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভালো ফলাফল করবে, তাদের পুরস্কৃত করা হবে। এ ক্ষেত্রে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। যে কোনো মূল্যে পড়ালেখার মান ও ফলাফল ভালো করতে হবে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করানোর পাশাপাশি তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর। তাই নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করে শিক্ষার পরিবেশ আরও উন্নত করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমরা দুই মাস পর পর বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের সমস্যা নিয়ে বসবো। কোন কোন প্রতিষ্ঠানে কি কি সমস্যা আছে তখন সেখানেই তার সমাধান করার চেষ্টা করা হবে।

চাঁদপুর যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহেল রুশদীসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মনিরা বেগম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরীসহ চাঁদপুর শহর ও সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিরা।

স্টাফ রিপোর্টার/
২২ আগস্ট ২০২৬