শিক্ষামন্ত্রীর পিএস হলেন অধ্যাপক সোহেল
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। এতে সই করেন সিনিয়র সহকারী সচিব রাজিবুল আলম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে শিক্ষামন্ত্রী যতদিন তার পদ অলংকৃত করেন অথবা যতদিন তাকে নিজের একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় ব্যক্ত করেন, ততদিন পর্যন্ত তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব পদে নিয়োগ প্রদান করা হলো।
এতে আরও বলা হয়, অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা বিধি অনুযায়ী দায়িত্বভার ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক উইংয়ের পরিচালক। তিনি শিক্ষা ক্যাডারের ১৬তম ব্যাচের কর্মকর্তা। বর্তমানে তিনি বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আহ্বায়ক।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২৪ ফেব্রুয়ারি ২০২৬