কুমিল্লা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কে গাছের চারা রোপণ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা এলাকায় বাস্তবায়িত হলো এক প্রশংসনীয় বৃক্ষরোপণ কর্মসূচি। রোটারি ক্লাব গুলশান এভিনিউ, ঢাকার উদ্যোগে এবং মমতাজ বেগম ফাউন্ডেশনের অর্থায়নে এই কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কের পাশে সাড়ে সাতশ গাছের চারা রোপণ করা হয়েছে। জনকল্যাণমূলক এই উদ্যোগটি স্থানীয় সচেতনমহল ও শিক্ষার্থীদের মাঝে দারুণ উদ্দীপনার সৃষ্টি করেছে।
রোববার আয়োজিত এই কর্মসূচির আওতায় বাঙ্গরা উপজেলার গাঙ্গেরকুট হাইস্কুলে ৫ শতাধিক, পীর কাশিমপুর দাখিল মাদ্রাসায় ১শ এবং পীর কাশিমপুর উত্তরপাড়া পাকা সড়কের দুই ধারে আরও ১শ ৫০টি গাছের চারা রোপণ
করা হয়।
উল্লেখ্য, পরিবেশ সুরক্ষায় নিয়মিত নানা কার্যক্রম পরিচালনা করে আসছে মমতাজ বেগম ফাউন্ডেশন। এই বছর এরই মধ্যে প্রায় ৩২টি প্রতিষ্ঠানে কয়েক হাজার গাছের চারা বিতরণ করেছে সংস্থাটি। এছাড়া গত বছর সংগঠনের পক্ষ থেকে প্রায় ৩ হাজার তালের বীজ বপন করা হয়েছিল, যা এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় অনন্য ভূমিকা রাখছে।
বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতাজ বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রোটারী ক্লাব গুলশান এভিনিউর প্রেসিডেন্ট জাকির হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতাজ বেগম ফাউন্ডেশনের পরিচালক ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মো. সাহিদুল হোসেন সরকার।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তুলতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শুধু চারা রোপণ করলেই চলবে না, সেগুলোর সঠিক পরিচর্যা করে বড় করে তোলার দায়িত্বও আমাদের সকলের নিতে হবে। স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মহতী উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,|২ আগস্ট ২০২৬