বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের ‘১২তম ট্রাস্টি বোর্ড’-এর সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন মো: হারুনুর রশিদ। তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতির মহাসচিব এবং চাঁদপুর জেলাধীন হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ১৮ মে ২০২৬ (০৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারি মাধ্যমিক-৩) এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। উপ-সচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (স্মারক নং- ৩৭.০০.০০০০.০৭৪.০২৯.০০১.২০০৯ (অংশ-১)-১৮১) এই বোর্ড গঠনের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট আইন, ১৯৯০ (২০০২ এ সংশোধিত) এর ধারা-৬ এর বিধান অনুযায়ী আগামী ০৩ (তিন) বছরের জন্য এই ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে।
মো: হারুনুর রশিদ ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত হওয়ায় দেশের কারিগরি শিক্ষক সমাজ এবং হাইমচর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মাঝে আনন্দের জোয়ার বইছে। বিভিন্ন মহল থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
এক প্রতিক্রিয়ায় মো: হারুনুর রশিদ মহামান্য রাষ্ট্রপতি, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি দেশের বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের কল্যাণে এবং তাদের অধিকার আদায়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
২০ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur