মেয়ে অন্তঃসত্ত্বা— শাহরাস্তিতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

চাঁদপুরের শাহরাস্তিতে সন্তানকে ধর্ষণের অভিযোগে নরপিশাচ স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার স্ত্রী।

শুক্রবার (৬ মার্চ) শাহরাস্তি থানায় উপস্থিত হয়ে শিরিন আক্তার তার স্বামী জসিম উদ্দিনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

বেশ ক’দিন ধরে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের চেঙ্গাচাল গ্রামের জসিম উদ্দিনের মেয়ের অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে তোলপাড় শুরু হয়।

এক পর্যায়ে এলাকাবাসী জানতে পারে পিতা কর্তৃক ধর্ষিত হয়েছে মেয়েটি। এলাকাবাসীর তোপের মুখে রাতের অন্ধকারে জসিম উদ্দিন তার পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যায়।

শাহরাস্তি থানা পুলিশ বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত পিতা ও পরিবারের সদস্যদের সন্ধানে অভিযানে নেমে পড়ে।

বৃহস্পতিবার গভীর রাতে স্বামীর বিরুদ্ধে মামলা করতে শাহরাস্তি থানায় হাজির হন শিরিন আক্তার। তিনি তার অভিযোগে উল্লেখ করেন, প্রায় সময় তার বড়ো মেয়েকে বাসায় রেখে তিনি বাবার বাড়িতে বেড়াতে যেতেন।

গত ২২ ফেব্রুয়ারি তার মেয়ে অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের কাছে নিয়ে গেলে পরীক্ষা করে দেখা যায় মেয়েটি অন্তঃসত্ত্বা। শিরিন আক্তার অভিযোগে উল্লেখ করেন, মেয়েকে জিজ্ঞাসাবাদে তিনি জানতে পারেন তার বাবা জোরপূর্বক তাকে ধর্ষণ করেছে। বিষয়টি কাউকে না জানাতে মেয়েকে হুমকি প্রদর্শন করে। বর্তমানে নরপিশাচ পাষণ্ড জসিম উদ্দিন পলাতক রয়েছে।

শাহরাস্তি থানার (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযুক্ত জসিম উদ্দিনকে আটকের চেষ্টা চলছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন,
৬ মার্চ ২০২৬