Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে মিনার দৃষ্টান্তমূলক শাস্তি ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
দৃষ্টান্ত

শাহরাস্তিতে মিনার দৃষ্টান্তমূলক শাস্তি ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে দুই সন্তানের জননী রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আসা বাকিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার শাহরাস্তি পৌরসভার মেহার কালীবাড়িতে এ মানববন্ধনের আয়োজন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে নিহত রিগান আক্তার মিমের দুই শিশু সন্তান, পরিবারের সদস্য, স্বজন, স্থানীয় বাসিন্দাসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। এ সময় তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িত সবাইকে আইনের আওতায় আনা এবং দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন নিহতের বাবা মো. কবির হোসেন, চাচাতো ভাই মো. গোলাম কিবরিয়া, দাদা শ্বশুর মো. আঃ হক, পৌরসভা ৯নং ওয়ার্ডের বাত্তলা গ্রামের মো. ফরহাদ, মো. জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুই ব্যক্তি জড়িত থাকতে পারেন এবং ঘটনার রাতে স্থানীয় লোকজন তাদের এলাকা ছেড়ে চলে যেতে দেখেছেন। তাদের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনতে হবে।

বক্তারা আরও অভিযোগ করেন, গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার জামিনের জন্য নিহতের শ্বশুরবাড়ির কয়েকজন সদস্য তৎপরতা চালাচ্ছেন। তারা এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মামলার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উল্লেখ্য, গত ১৪ জুলাই দিবাগত রাতে শাহরাস্তি পৌরসভার ৯নং ওয়ার্ড বাত্তলা এলাকায় গৃহবধূ রিগান আক্তার মিম নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় নিহতের দেবরবধূ কাজী সুমাইয়া হোসেন মিনাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। মামলার তদন্ত এখনও চলমান রয়েছে।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
১৮ জুলাই ২০২৬