শাহরাস্তিতে মাটি কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে কৃষি জমির উর্বর মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার মধ্যরাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় স্বেতিনারায়নপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ভেকু (এক্সকাভেটর) মেশিনের ব্যাটারি জব্দ করা হয়।

উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আওতাধীন আয়নাতলী স্বেতিনারায়নপুর এলাকার মাঠে যৌথ বাহিনীর এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযুক্ত ব্যক্তি মোঃ হেলাল (২৬), পিতা- মোঃ আবুল বাসার, গ্রাম- খেড়িহর, যিনি মাটি ব্যবসায়ী সোহাগের পক্ষে কাজ করছিলেন।

তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে এ দণ্ড প্রদান করা হয়। অভিযানে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফারহান ফারুক জীমের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম, শাহরাস্তি থানা পুলিশ এবং উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।

শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার বলেন, “কৃষি জমির টপ সয়েল কাটা সম্পূর্ণ অবৈধ এবং এটি দেশের খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। আমরা কোনো অবস্থাতেই এ ধরনের কার্যক্রম সহ্য করবো না। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন,অভিযানে আমরা হাতে-নাতে প্রমাণ পেয়েছি যে কৃষি ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছিল। আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়েছে এবং ব্যবহৃত যন্ত্রপাতির অংশ জব্দ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান শেষে গাড়িচালক ও ভেকু চালকরা উপজেলা প্রশাসনের কাছে অঙ্গীকার করেন যে ভবিষ্যতে তারা আর অবৈধভাবে মাটি কাটার কাজে জড়িত থাকবেন না।
প্রশাসন কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
৩১ মার্চ ২০২৬