শাহরাস্তিতে ডাকাতি প্রস্তুতিকালে পিকআপসহ গ্রেফতার ৩
চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজন ডাকাতকে পিকআপভ্যানসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো চাঁদপুরের, হাজীগঞ্জ থানার, কাঠালিয়া বাড়ীর মৃত ইউনুছের ছেলে রোকনুজ্জামান (২৫), হবিগঞ্জ জেলার, লাখাই থানার, স্বজনগ্রামের বিল্লাল হোসেনের ছেলে হোসাইন (২২) ও বরিশাল জেলার, গৌরনদী থানার, আধুনা গ্রামের মুক্তার বেপারীর ছেলে সাগর (২০)।
এ সময় তাদের সহযোগী আরও ৫/৬ জন পালিয়ে যায়।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বুধবার ভোরে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী পুরাতন ইউনিয়ন পরিষদ ঠাকুরবাড়ির সামনের পাকা রাস্তায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, একটি পিকআপ ভ্যানযোগে ওই ডাকাতদল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতকরা অন্ধকারের আড়ালে পালিয়ে গেলেও তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ডাকাতিতে ব্যবহৃত পিকআপভ্যান জব্দ করা হয়েছে।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৫, জিআর নং-৭৪ রুজু করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়ের করা হয়। আটককৃতদেরকে বুধবার ১১টায় যথাযথ পুলিশ স্কার্টে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক ডাকাতদের গ্রেফতারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন
৮ এপ্রিল ২০২৬