শাহরাস্তিতে চিংড়িতে বিষাক্ত জেলি মেশানো, দুই মাছ বিক্রেতাকে জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রির অভিযোগে দুই মাছ বিক্রেতাকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার কালীবাড়ি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ওই বাজারের মাছ ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫)।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুজন নিজেদের দোষ স্বীকার করেন।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
১২ নভেম্বর ২০২৬