চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত উদয়ন পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
৪ এপ্রিল শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের করেন, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওঃ ওসমান গনি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, চাঁদপুর আল আমিন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক নূরুল আজহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইছাপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া পাটওয়ারী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি, শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদ আলমের যৌথ সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাদ্রা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (ইংরেজি) মোঃ জাকির হোসেন ভূঁইয়া, হেভেন সোসাইটির সভাপতি ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ মকবুল হোসাইন, উয়ারুক বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রাজিকুল ইবাদ, ইছাপুর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাহবুবুর রহমান প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকের এ ক্রীড়া প্রতিযোগিতা শুধু আনন্দ ও উচ্ছ্বাসের নয়, বরং শৃঙ্খলা, পরিশ্রম এবং সুস্থ প্রতিযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। খেলাধুলা মানুষের দেহ ও মনকে সুস্থ রাখে, আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যারা আজ বিজয়ী হয়েছো তোমাদের অভিনন্দন। আর যারা এবার সফল হতে পারোনি, তাদের বলবো—হতাশ না হয়ে আরও বেশি চেষ্টা করো। মনে রেখো, পরাজয়ই ভবিষ্যৎ সাফল্যের প্রথম ধাপ।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করে বক্তব্য দেন। এছাড়া তারা আরো বলেন ক্রীড়া, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানান।
আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
৪ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur