শাহরাস্তিতে আড্ডারত ১৬ শিক্ষার্থী আটক, অভিভাবকদের জিম্মায় মুক্তি

চাঁদপুরের শাহরাস্তিতে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে এবং মোবাইল গেমসের আসক্তি ও উদ্দেশ্যহীন আড্ডা থেকে বিরত রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। অভিযান চালিয়ে ১৬ জন স্কুল-কলেজ শিক্ষার্থীকে আটক করার পর অভিভাবকদের জিম্মায় সতর্কতামূলক মুক্তি দেওয়া হয়েছে।

বুধবার (৬ মে) রাত ৮টার দিকে শাহরাস্তি থানার ওয়ারুক বাজার, ওয়ারুক রহমানিয়া হাইস্কুল মাঠ এবং নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা গেছে, বেশ কিছু শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা বাদ দিয়ে রাতে বিভিন্ন স্থানে আড্ডা দিচ্ছে এবং মোবাইল গেমসে আসক্ত হয়ে পড়ছে-এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ এই পদক্ষেপ নেয়। অভিযান চালিয়ে এসব শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পরবর্তীতে তাদের অভিভাবকদের থানায় ডেকে এনে সন্তানদের পড়াশোনার বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপে জড়াবে না মর্মে অঙ্গীকারনামা নিয়ে এবং প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে শিক্ষার্থীদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, শিক্ষার্থীদের সঠিক পথে রাখতে এবং কিশোর অপরাধের ঝুঁকি কমাতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি সন্তানদের চলাফেরা ও পড়াশোনার প্রতি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/ ৭ মে ২০২৬