শাহরাস্তিতে অবৈধ টপ সয়েল উত্তোলনে ভেকুর ব্যাটারি জব্দ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অবৈধভাবে কৃষিজমির উর্বর টপ সয়েল উত্তোলনের অভিযোগে রাতভর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত পৌরসভাস্থ সোনাপুর ও রায়শ্রী উত্তর ইউনিয়নের দেহেলা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেনের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। এ সময় উপজেলা আনসার সদস্যরা তাঁকে সহযোগিতা করেন।

অভিযান সূত্রে জানা গেছে, সোনাপুর গ্রামের অভিযানস্থলে কাউকে পাওয়া যায়নি। ফলে সেখানে আইনগত পদক্ষেপ সম্ভব হয়নি। তবে দেহেলা গ্রামে অভিযান চালিয়ে একটি ভেকু মেশিনের দুটি ব্যাটারি জব্দ করা হয়েছে। জব্দকৃত সামগ্রী উপজেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, “অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল উত্তোলন পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক হুমকি। অভিযান অব্যাহত থাকবে এবং যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, কৃষিজমির উর্বর অংশ অবৈধভাবে উত্তোলন করে ইটভাটা বা নির্মাণকাজে বিক্রির ঘটনা সম্প্রতি এলাকায় বেড়েছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এ নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আসছিলেন।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
৩ এপ্রিল ২০২৬