শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় রাজনীতি চেয়েছেন: এহছানুল হক মিলন
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আওয়ামী লীগ একেবারে নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগ আছে, থাকবে তারা তাদের রাজনীতি করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় রাজনীতি চেয়েছেন। আমরাও চাই প্রতিযোগীতা। আওয়ামী লীগ জানে বর্তমানে দেশে কোন সরকার প্রয়োজন। যেহেতু বর্তমানে আওয়ামী লীগের প্রতীক নেই। অতএব তারা জানে মিলন উন্নয়ন করবে। আমি চাই তাদের (আওয়ামী নেতাকর্মীদের) ইমানী দায়িত্ব আমাকে ভোট দেয়া। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ভাইদের আহবান করব পাগলেও গরম-ঠান্ডা চিনে। আপনারা কিন্তু ২০১৩ সালে আগষ্ট মাসে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিলেন। তারপরে কোথায় ছিলেন। ওরা যদি ক্ষমতায় আসে, তাহলে দেখা হবে আবার। অতএব আওয়ামী লীগের সাথে আমার কোন বিরোধ নাই। তিনি রোববার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার দূর্গাপুর বাজারে স্থানীয় বিএনপির আয়োজনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মো: কামরুজ্জামান কামরুলের পরিচালনায় এসময় উপজেলা বিএনপির উপদেষ্টা মামুনুর রশিদ মোল্লা, উপজেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম মজুমদার, উপজেলা উত্তর বিএনপির সাধারন সম্পাদক ইউসুফ মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য আব্দুল মতিন মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান মোল্লা, বিতারা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আনিসুর রহমান মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক রহিজ উদ্দিন প্রধান, ওয়ার্ড যুবদলের সভাপতি আলী আরশাদ ভূইয়া সহ অসংখ্য দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় গ্রামের প্রতিটি বাড়ি থেকে শতশত নারী-পুরুষ অংশগ্রহন করে অনুষ্ঠান কানায় কানায় পূর্ন করে তোলে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১ ফেব্রুয়ারি ২০২৬