Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: হারুনুর রশিদ

শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: হারুনুর রশিদ

শ্রদ্ধা, ভালোবাসা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে পালিত হয়েছে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং তবারক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (৩০ মে) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে মিলিত হয় এক আবেগঘন পরিবেশ। শহীদ জিয়ার কর্মময় জীবন, স্বাধীনতা যুদ্ধকালীন ভূমিকা এবং দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান স্মরণ করেন বক্তারা।

জেলা যুবদলের সদস্য ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একটি নাম নয়, বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির এক উজ্জ্বল অধ্যায়। দেশের সংকটময় মুহূর্তে তাঁর সাহসী নেতৃত্ব, স্বাধীনতার ঘোষণা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

তিনি আরও বলেন, “দেশ ও জনগণের স্বার্থে শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভোটাধিকার, গণতন্ত্র এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, বিএনপি নেতা মহসিন পাটওয়ারী, আব্দুল খালেক পাটোয়ারী ও মহসিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, সাবেক ইউপি চেয়ারম্যান বাছির আহমদ এবং হুমায়ুন কবির কাজী।

এ সময় আরও বক্তব্য রাখেন , হাবিবুর রহমান রুবেল, মহিলা দলের নেত্রী মাহমুদা পারুল, শারমিন করিম ও আলেয়া বেগম, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আখতার হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল , পৌর যুবদলের নেতা কামরুল হাসান, কৃষক দলের হেলাল হোসেন, উপজেলা ছাত্রদলের মইনুদ্দিন ভূঁইয়া এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।

প্রতিবেদক: শিমুল হাছান, ৩০ মে ২০২৬