শর্তে হরমুজ প্রণালি খুলতে রাজি ইরান
হরমুজ প্রণালি খুলে দিতে এবং শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের ওপর হামলা বন্ধ করা হলে দেশটির সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরোধমূলক সামরিক অভিযান স্থগিত করবে।
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আক্রমণ বন্ধ হলে আমাদের শক্তিশালী বাহিনীও প্রতিরোধমূলক কার্যক্রম বন্ধ করবে।
একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা দেন তিনি। আরাঘচি জানান, আগামী দুই সপ্তাহের জন্য এই প্রণালি দিয়ে নিরাপদ নৌযাতায়াতের সুযোগ দেওয়া হবে।
তবে এ ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করা এবং কারিগরি সীমাবদ্ধতা মেনে চলার শর্ত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভাব্য দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এই ইতিবাচক অবস্থান সামনে এলো।
চাঁদপুর টাইমস ডেস্ক/
৮ মার্চ ২০২৬