সারা দেশে পবিত্র শবেবরাত পালিত
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবেবরাত পালিত হয়েছে। মুসলমানদের কাছে সৌভাগ্যের এই রজনীটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে অতিবাহিত হয়।
এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল—ওয়াজ ও নসিহত, দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত, পবিত্র কোরআন তিলাওয়াত এবং হামদ-নাত পরিবেশন।
জাতীয় মসজিদের পাশাপাশি সারা দেশের মসজিদগুলোতেও বিশেষ আয়োজনে পবিত্র শবেবরাতের গুরুত্ব তুলে ধরে বয়ান করা হয়। মাগরিবের নামাজের পর থেকেই মুসল্লিরা মসজিদে সমবেত হতে শুরু করেন। এসময় ধর্মীয় আলোচনা শেষে এশার নামাজের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পবিত্র শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস দেশবাসীসহ বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন।
এ মহিমান্বিত রাতে বিপুল সংখ্যক মানুষ নিকটস্থ কবরস্থানগুলোতে ভিড় করেন। সেখানে তারা নিজ নিজ আত্মীয়-স্বজন ও প্রিয়জনদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ ছাড়া দিবসটি উপলক্ষ্যে অনেক মানুষ গরিব,দুঃখী ও দুস্থদের মাঝে নগদ অর্থ, খাদ্য সামগ্রী এবং মিষ্টি বিতরণ করেছেন।
৫ ফেব্রুয়ারি ২০২৬
এ জি