Home / সারাদেশ / শতভাগ মেধা ও স্বচ্ছতায় রাঙামাটিতে পুলিশ কনস্টেবল পদে ১১ জনের চূড়ান্ত

শতভাগ মেধা ও স্বচ্ছতায় রাঙামাটিতে পুলিশ কনস্টেবল পদে ১১ জনের চূড়ান্ত

‘সেবার ব্রতে চাকরি’ শ্লোগানকে সামনে রেখে রাঙামাটি পার্বত্য জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফেব্রুয়ারি–২০২৬ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এই ফল ঘোষণা করা হয়।

মঙ্গলবার (০৬ মে) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাঙামাটি পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সভাপতি রাঙামাটি পার্বত্য জেলার সভাপতি মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এর আগে প্রার্থীরা শারীরিক সক্ষমতা পরীক্ষা—এর সব ধাপে উত্তীর্ণ হন। পরবর্তীতে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে চূড়ান্তভাবে ১১ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণার সময় জেলা পুলিশের পক্ষ থেকে উত্তীর্ণদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রক্রিয়ায় নির্বাচিত হওয়ায় উত্তীর্ণ প্রার্থীরা আবেগাপ্লুত হয়ে তাৎক্ষণিক অনুভূতি প্রকাশ করেন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশে চাকরি কেবল একটি পেশা নয়, এটি মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার একটি মহৎ দায়িত্ব। আজ যারা উত্তীর্ণ হয়েছেন, তারা যেন সততা, শৃঙ্খলা, মানবিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করেন। জনগণের আস্থা অর্জনই একজন পুলিশ সদস্যের সবচেয়ে বড় সাফল্য।

তিনি আরও বলেন, এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে। এখানে কোনো ধরনের তদবির, সুপারিশ বা প্রভাব খাটানোর সুযোগ ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। যোগ্যতা ও মেধাই একমাত্র বিবেচ্য ছিল। এটি প্রমাণ করে, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে যে কেউ তার স্বপ্ন পূরণ করতে পারে।

তিনি নবনিযুক্তদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন-শৃঙ্খলা রক্ষা, মানবাধিকার সম্মান, নারী ও শিশু সুরক্ষা এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপনাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। জনগণের পাশে থেকে সেবামূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১ জন প্রার্থীকে পুলিশ যাচাই-বাছাই ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন সাপেক্ষে প্রশিক্ষণে প্রেরণ করা হবে।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী

৭ মে ২০২৬