লোক দেখানোর জন্য নয় আমি আখেরাতের জন্য কাজ করি: মোঃ মোশাররফ হোসাইন
চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন বলেছেন, একজন মানুষের জীবনে সম্মান বা ভালোবাসার চেয়ে বড় কোনো সম্পদ নেই। মানুষের পাশে দাঁড়ানো, তাদের কষ্টের সময়ে সামান্য সহযোগিতা করতে পারা—এটাই প্রকৃত তৃপ্তি। আমার একটি ভালো কাজ দেখে যদি আরেকজন মানুষ অনুপ্রাণিত হয়, সেটিই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি লোক দেখানোর জন্য কাজ করি না, আমি আখেরাতের জন্য কাজ করি।
২৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণকালে তিনি এসব কথা বলেন।
আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন আরো বলেন, আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছেন, যারা সামান্য কষ্ট লুকিয়ে রেখে প্রতিদিন সংগ্রাম করে যাচ্ছেন। বিশেষ করে এই তীব্র গরমে পরীক্ষার্থীদের অভিভাবকরা ঘণ্টার পর ঘণ্টা বাইরে অবস্থান করেন, সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। তাদের এই কষ্ট কিছুটা লাঘব করার জন্যই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।
তিনি বলেন, মানুষের সেবা করার মানসিকতা যদি আমাদের সবার মধ্যে তৈরি হয়, তাহলে সমাজ অনেক সুন্দর হয়ে উঠবে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে একটু করে এগিয়ে আসি, তাহলে কোনো মানুষ আর অবহেলিত থাকবে না। আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোবাসা অর্জনের জন্য। রাজনীতি আমার কাছে ক্ষমতার মাধ্যম নয়, বরং এটি একটি দায়িত্ব। এই দায়িত্ব পালনের মাধ্যমে আমি মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে চাই।
শেষে তিনি সকলের কাছে দোয়া কামনা করে বলেন, আমি যেন সবসময় মানুষের পাশে থাকতে পারি এবং সমাজের জন্য ভালো কিছু করতে পারি—এই কামনাই করি।
এর আগে মোশারফ ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদপুর শহরের ৪টি স্থানে এইচএসসি পরীক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করা হয়। পাশাপাশি এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার জন্য অবস্থায় ছাউনী নির্মাণ করা হয়।
এ বিষয়ে মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্য জানান, এসএসসি পরীক্ষা শেষ অবধি তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এর পাশাপাশি ফাউন্ডেশন এর পক্ষ থেকে চাঁদপুরে শিক্ষাড় স্বাস্থ্য, ক্রীড়া এবং পিছিয়ে পড়া নারীদের জন্য বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে।
–আশিক বিন রহিম/২৩ এপ্রিল ২০২৬