লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৮ হাজারের বেশি কারাবন্দিকে আইনি সহায়তা

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে ১ লাখ ৩৮ হাজার ৮৫৬ জন কারাবন্দিকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রমের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সরকারি খরচে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩০ হাজার ৫৬৭ জন আইনি সহায়তা পেয়েছেন।

দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সহায়তা পেয়েছেন ১১ লাখ ৯৬ হাজার ৭৫৬ জন। এছাড়া ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে সেবা পেয়েছেন ৩০ হাজার ১০২ জন।

সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল-ফ্রি নম্বর ১৬৬৯৯-এর মাধ্যমে সেবা পেয়েছেন ২ লাখ ৪ হাজার ২০৫ জন।

সব মিলিয়ে লিগ্যাল এইডের মাধ্যমে সরকারি খরচে আইনি সহায়তা পাওয়া উপকারভোগীর মোট সংখ্যা ১৪ লাখ ৬১ হাজার ৬৩০ জন।

আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সহায়তা দিতে প্রণীত ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।

সংস্থাটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন একটি সরকার নিয়ন্ত্রিত সেবা সংস্থা।

১৪ মে ২০২৬

এ জি