লাকসাম জংশনে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহত ৫

চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি লাকসাম জংশনে দুর্ঘটনার শিকার হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে লাকসাম জংশনে পৌঁছানোর পর এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার বিকেলে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসার পর লাকসাম রেলওয়ে জংশন স্টেসনে ট্রেনটির ইঞ্জিন এক মাথা থেকে অন্য মাথায় এনে বগির সঙ্গে সংযুক্ত করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি বগির সঙ্গে ধাক্কা লাগে। এতে একটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার ফলে ট্রেনটির নির্ধারিত সময়সূচি বিপর্যস্ত হয়। মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রাত ৯টা থেকে সাড়ে ৯টায় চাঁদপুর বড় স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও দুর্ঘটনার কারণে নির্ধারিত সময়ে চাঁদপুরে পৌঁছাতে পারেনি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটি এখনো চাঁদপুরের পথে রওনা হতে পারেনি।

দুর্ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মামুনসহ পাঁচজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার ওমর ফারুক জানান, ক্ষতিগ্রস্ত বগি ও ইঞ্জিন উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারী দল। পাশাপাশি রেললাইন মেরামতের কাজও চলছে। দ্রুত সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে

চাঁদপুর বড় স্টেশন রেলওয়ে প্ল্যাটফর্ম স্টেশন মাস্টার সোয়েবুর রহমান জানান, চট্টগ্রাম থেকে আসা মেঘনা এক্সপ্রেসটি লাকসাম জংশনে পৌঁছানোর পর দিক পরিবর্তনের জন্য ইঞ্জিন ঘোরানো হচ্ছিল। এ সময় ইঞ্জিনটি বগির সঙ্গে সংযুক্ত করার মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে একটি বগি ক্ষতিগ্রস্ত হয় এবং লাইনে সমস্যা সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণে সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। কখন লাইন ক্লিয়ার হবে এবং মেঘনা এক্সপ্রেস কখন চাঁদপুরে পৌঁছাবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। লাইন স্বাভাবিক হলেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

তবে গত কয়েকমাস ধরে মেঘনার একজন চালক অনেক বেপরোয়া। প্রায় সময় রাতে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরে প্রবেশের সময় অনেক গতিতে চালিয়ে প্রবেশ করে। এতে পথচারী ও শহরবাসি চরম অস্বস্তিবোধ করে অনেক অভিযোগ করেন। তাই অনেকে ধারনা করছেন হয়তো সেই বেপরোয়া গতির চালকের কারনে এমন দুর্ঘটনা ঘটতে পারে।

প্রতিবেদক:কবির হোসেন মিজি
১৩ ফেব্রুয়ারি ২০২৬