Home / সারাদেশ / লাকসামে বাড়ির আঙিনায় বিশেষজ্ঞ চিকিৎসক আর দামী পরীক্ষা

লাকসামে বাড়ির আঙিনায় বিশেষজ্ঞ চিকিৎসক আর দামী পরীক্ষা

এক চিলতে হাসির ঝিলিক ফুটে উঠেছে কুমিল্লার লাকসামের প্রান্তিক গ্রাম মনপালের শত শত মানুষের মুখে। যে গ্রামের মানুষ অসুস্থ হলে উন্নত চিকিৎসার চিন্তায় দিশেহারা হয়ে পড়ে, সেই গ্রামের বাড়ির আঙিনায় যখন বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে দাঁড়ালেন এবং সম্পূর্ণ বিনামূল্যে দামী ‘হেপাটাইটিস বি’ পরীক্ষার সুযোগ করে দিলেন, তখন তা সাধারণ মানুষের কাছে আশীর্বাদের মতোই মনে হয়েছে।

মনপাল গ্রামের মোল্লা বাড়িতে শুক্রবার (১০ এপ্রিল) দিনব্যাপী এই মানবিক স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের আয়োজন করে ‘কুমিল্লা লিভার ক্লাব’। কর্মসূচির আওতায় বিনামূল্যে হেপাটাইটিস বি পরীক্ষার পাশাপাশি রক্তে শর্করার (ডায়াবেটিস) পরিমাণও পরিমাপ করা হয়। দামী এই পরীক্ষাগুলো হাতের নাগালে পেয়ে খুশি উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে আয়োজকদের।

সেবা নিতে আসা অশীতিপর নূর মিয়া মোল্লা কিংবা গৃহিণী জাহানারা বেগমের চোখেমুখে ছিল স্বস্তির ছাপ। তারা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “শহরে গিয়ে টাকা খরচ করে এসব পরীক্ষা করানো আমাদের মতো মানুষের জন্য স্বপ্নের মতো। আজ বাড়ির উঠানে ডাক্তার আসায় আমরা শুধু চিকিৎসাই পাইনি, বরং বড় ধরনের রোগের হাত থেকে বাঁচার পথও খুঁজে পেয়েছি।”

কর্মসূচির উদ্বোধনকালে কুমিল্লা লিভার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট লিভার বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ এজাজুল হক বলেন, “হেপাটাইটিস বি একটি নীরব ঘাতক, যা লিভার সিরোসিস বা ক্যান্সারের মতো মরণব্যাধি ডেকে আনে। গ্রামের সাধারণ মানুষ অর্থের অভাবে বা অসচেতনতায় এই রোগ নিয়ে বসে থাকেন। আমরা চাই মানুষের দোরগোড়ায় পৌঁছে এই নীরব ঘাতক সম্পর্কে তাদের সতর্ক করতে।”

অনুষ্ঠানে প্রকৌশলী গোলাম সারোয়ার, লুৎফুল বারী চৌধুরী হিরু, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও আব্দুল হালিম মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে সেবাপ্রার্থীদের পাশে দাঁড়ান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিউদ্দিন মোল্লা।

মানুষের জন্য মানুষের এই ছোট উদ্যোগটি মনপাল গ্রামের বাসিন্দাদের কাছে কেবল একটি ক্যাম্পেইন নয়, বরং বেঁচে থাকার নতুন এক ভরসার নাম হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,

১১ এপ্রিল, ২০২৬