ভোলা থেকে লঞ্চে ঢাকা যাচ্ছিলেন গর্ভবতী এক নারী। তবে চাঁদপুর পর্যন্ত যাওয়ার পর লঞ্চেই সন্তান প্রসব হয়ে যায় তার। এ সময় সংকটাপন্ন হয়ে পড়ে প্রসূতির শারীরিক অবস্থা। তবে জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে ছুটে আসেন কোস্ট গার্ডের মেডিকেল টিম। যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ ওই প্রসূতি মাকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেন তারা। করেন হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও।
বৃহস্পতিবার (১৪ মে) চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ দিন বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানিয়েছেন।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম বলেন, বৃহস্পতিবার এক গর্ভবতী নারী উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে লঞ্চে করে ঢাকা যাচ্ছিলেন। লঞ্চটি বেলা ১১টায় চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে তার প্রসব বেদনা শুরু হয়। তাৎক্ষণিকভাবে শিশুর জন্ম হয় এবং প্রসূতির শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। এ সময় লঞ্চের সুপারভাইজার কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর থেকে কোস্ট গার্ডের একটি মেডিকেল টিম অতিদ্রুত মোহনপুর লঞ্চঘাটে যায়। মেডিকেল টিম ওই প্রসূতির ও নবজাতককে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে মোহনপুর ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু হাসপাতালে পৌঁছে দেয়।
স্টাফ করেসপন্ডেট/ ১৪ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur