আগাম প্রিন্ট করে রাখা হয় রোগীর রিপোর্ট, চাঁদপুরে ডায়াগনস্টিক মালিককে অর্থদণ্ড

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সংলগ্ন ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জেলা প্রসাশন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে রোগীদের আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট আগাম প্রিন্ট করে রাখা,
মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে ইউরিন স্যাম্পল সংরক্ষণ এবং রেফ্রিজারেটরের তাপমাত্রা নির্ণয়ের জন্য থার্মোমিটার না থাকাসহ একাধিক অনিয়ম রয়েছে।

এসব অপরাধে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর ৬ ও ৯ ধারায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আক্তার জাহানকে দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ডের আদেশ দেন চাঁদপুর সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সাল। অভিযানে চাঁদপুর মডেল থানা পুলিশসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য ইউনিট সহযোগিতা করেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম,
২৩ জুলাই ২০২৬