রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্সে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।

সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের নানাবিধ সমস্যা ও প্রস্তাবনা পুলিশ সুপারের নিকট উপস্থাপন করেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগসহকারে বিভিন্ন ইউনিট থেকে আগত সদস্যদের বক্তব্য শোনেন। তিনি কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন এবং অবশিষ্ট বিষয়সমূহ দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা আমাদের দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেক সদস্য যদি সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করেন, তবে বাহিনীর মর্যাদা আরও বৃদ্ধি পাবে। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। তাই সকলকে নিষ্ঠা, মানবিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।

কল্যাণ সভায় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, প্রশাসনিক শৃঙ্খলা, নৈতিক স্খলন রোধ, কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ যথাযথভাবে পালন, বুদ্ধিমত্তা, সুরক্ষা-নিরাপত্তা এবং অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে সম্পাদনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

এ সময় তিনি বিগত মাসে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ কয়েকজন অফিসার ও ফোর্সকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী/
৩০ মার্চ ২০২৬