রহিমানগরে লিজকৃত জায়গা শ্রেণী পরিবর্তন করে মাটি বিক্রির অভিযোগ
চাঁদপুরের কচুয়ার রহিমানগর এলাকায় নাউলা মৌজায় লিজকৃত সমতল জায়গার মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। একই উপজেলার নূরপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান হাবুর পুত্র মো: কামাল হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। স্থানীয় এলকাসূত্রে জানা গেছে, কামাল হোসেন বিগত আওয়ামী সরকারের আমলে নিজেকে ভূমিহীন পরিচয় দিয়ে রহিমানগর উত্তর বাজার আজিজ ভবন এলাকার নাউলা গ্রামে রাস্তা সংলগ্ন নাউলা মৌজার জেএল নং-১১০, বিএস খতিয়ান নং-১/১ (৪১১), দাগ নং- ৮২৬, ৮২৭ ও ৮২৮ দাগে ক-তফসিলের ৩৮ শতাংশ জায়গা লিজ নেয়।
পরবর্তীতে কামাল হোসেন এ সমতল জায়গায় মাটি কেটে অন্যত্র মাটি বিক্রি করে পুকুর তৈরি করে। যা সরকারি আইন পরিপন্থি বলে স্থানীয় লোকজন জানায়। মূলত জায়গাটি ক-তফসিলের অন্তর্ভূক্ত হলেও কামাল হোসেন প্রভাব খাটিয়ে মাটি কেটে পুকুর তৈরি করায় স্থানীয় লোকজনের মাঝে বেশ ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে বেশ তোলপাড় চলছে।
এ ব্যাপারে অভিযুক্ত কামাল হোসেনের বক্তব্য জানতে তার মুঠোফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবু নাছির জানান, ক-তফসিল ভূমি পরিবর্তনের সুযোগ নেই। এ ক্ষেত্রে বিষয়টি প্রমানিত হলে লিজ বাতিলসহ প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কচুয়া প্রতিনিধি/
৫ এপ্রিল ২০২৬