রক্তদানে ৬ বছর, মানবিকতায় ছুঁয়েছে হাইমচরের ‘লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন’
মানুষের জীবন বাঁচাতে রক্তদানের পাশাপাশি নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ‘লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুর’। প্রতিষ্ঠার ছয় বছরে সংগঠনটি তিন হাজারেরও বেশি মানুষকে রক্ত দিয়ে সহযোগিতা করেছে। স্বেচ্ছায় রক্তদানের এই উদ্যোগের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি।
২০২০ সালের ১৬ আগস্ট প্রতিষ্ঠিত হয় ‘লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুর’। প্রতিষ্ঠার পরদিন ১৭ আগস্ট হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো রক্তদানের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ২২ নভেম্বর আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসায় আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হয়।
প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি তিন হাজারের বেশি মানুষকে রক্ত দিয়ে সহযোগিতা করেছে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্তের চাহিদা পূরণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চাঁদপুরের মতলব উপজেলার শিশু আজমির, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ঝাউডগী গ্রামের শিশু আমির হামজা, হাইমচরের ডেলের বাজার এলাকার শিশু তাসকিনসহ ৬-৭ জন থ্যালাসেমিয়া রোগীকে প্রতি মাসে কমপক্ষে এক ব্যাগ করে রক্ত দিয়ে সহযোগিতা করা হচ্ছে।
শুধু রক্তদানেই সীমাবদ্ধ নেই সংগঠনটির মানবিক কার্যক্রম। গত ছয় বছরে থ্যালাসেমিয়া রোগীদের বিনামূল্যে ব্লাড ব্যাগ বিতরণ ও চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা, ঈদ উপহার ও শীতবস্ত্র বিতরণ এবং পরিচ্ছন্নতা কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করেছে সংগঠনটি।
এরই ধারাবাহিকতায় চলতি বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগস্ট মাসজুড়ে নানা কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি, গরীব অসহায় পরিবারে খাদ্য বিতরণ, বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ছিল অন্যতম। সংগঠনের স্বেচ্ছাসেবীরা মানুষের মধ্যে রক্তদানের সচেতনতা তৈরির পাশাপাশি পরিবেশ রক্ষায়ও কাজ করছেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মনির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং প্রধান উপদেষ্টা মোঃ রিয়াজ হোসেনের সহযোগিতায় কার্যক্রম পরিচালিত হচ্ছে। সহকারী পরিচালক মাওলানা মহিউদ্দিনের আপ্রাণ প্রচেষ্টায় সংগঠনটির মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে চলছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মনির হোসেন বলেন, “রক্তদান শুধু একটি সামাজিক কাজ নয়, এটি একজন মানুষের জীবন বাঁচানোর মহান সুযোগ। আমাদের লক্ষ্য হচ্ছে চাঁদপুরসহ আশপাশের এলাকায় যেন জরুরি মুহূর্তে রক্তের অভাবে কোনো মানুষকে অসহায় হয়ে থাকতে না হয়। আমরা শুধু রক্তদানের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই না; অসহায় মানুষের পাশে দাঁড়ানো, থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্তের ব্যবস্থা করা এবং তরুণদের মানবিক কাজে সম্পৃক্ত করাই আমাদের অন্যতম উদ্দেশ্য। মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেলে আগামী দিনে লিল্লাহিয়াত ব্লাড ডোনেশনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হবে, ইনশাআল্লাহ।”
সংগঠনের সংশ্লিষ্টরা জানান, তরুণ প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
১০ সেপ্টেম্বর ২০২৬