Home / সারাদেশ / মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় জেলেদের অধিকার ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে গোলটেবিল বৈঠক

মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় জেলেদের অধিকার ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে গোলটেবিল বৈঠক

মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় জেলেদের অধিকার এবং গণমাধ্যমের ভূমিকা শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীতে দৈনিক সমকাল সভাকক্ষে এ বৈঠকের আয়োজন করে সিএনআরএস ও দৈনিক সমকাল।

বৈঠকে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকীয় বিভাগের সাংবাদিক, জেলে প্রতিনিধি, মৎস্য ব্যবসায়ী এবং নদী ও হাওর অঞ্চলের সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার কীভাবে গণমাধ্যমে আরও জোরালোভাবে তুলে ধরা যায়, সে বিষয়ে নীতিগত পরিবর্তন জরুরি। তিনি বলেন, অভিযানকালীন সময়ে শুধু জাল পোড়ানো বা জেলেদের ধরপাকড়ের মতো বিষয় নয়, তাদের অধিকার এবং অবৈধ জাল উৎপাদনের দিকটিও গুরুত্ব দিয়ে তুলে ধরা প্রয়োজন।

তিনি আরও বলেন, জলবায়ু, পরিবেশ, উপকূল, মৎস্য ও মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে মৎস্যজীবীদের সম্পৃক্ততা অন্তর্ভুক্ত করা জরুরি। জেলেরা প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে জীবিকার তাগিদে নদীতে নামলেও নিজেদের অধিকার আদায়ে সংগঠিত হতে পারেন না। তাই তাদের কণ্ঠস্বর তুলে ধরার দায়িত্ব গণমাধ্যমের ওপরই বর্তায়।

দৈনিক সমকালের সহযোগী সম্পাদক শেখ রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন সিএনআরএস কর্মকর্তা এনামুল মজিদ খান সিদ্দিকী।

আলোচনায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নিয়ে বলেন, দেশের প্রায় ৬২ শতাংশ আমিষের চাহিদা মাছ থেকে পূরণ হলেও জেলেদের জীবন ও সংগ্রামের বিষয়টি গণমাধ্যমে পর্যাপ্তভাবে উঠে আসে না। তারা বলেন, মৎস্যজীবীদের কেবল উপকারভোগী হিসেবে নয়, অধিকারসম্পন্ন নাগরিক হিসেবে উপস্থাপন করা জরুরি।

বক্তারা আরও উল্লেখ করেন, গণমাধ্যমের দায়িত্ব শুধু তথ্য পরিবেশনে সীমাবদ্ধ নয়; বরং একটি অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা। মৎস্যজীবীদের জীবন-জীবিকা ও মানবিক বাস্তবতা তুলে ধরলে তা নীতিনির্ধারণে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

গোলটেবিল বৈঠকে অংশ নেন, ডিবিসি নিউজের লোটন একরাম, দৈনিক যুগান্তরের আসিফ, প্রথম আলোর শরফুদ্দিন, বণিক বার্তার সাবিদিন ইব্রাহিম, চ্যানেল আইর ফাহমিদা, সিনিয়র সাংবাদিক শাহনাজ মুন্নি, বাংলা ট্রিবিউন এর নিশাত, কালের কন্ঠের ফরহাদ মাহমুদ, টাইমস অব বাংলাদেশের মোঃ এনামুল হক হাওলাদার, সিনিয়র সাংবাদিক দোলন ও মেজবা আজাদ, আমার দেশের এমিলিয়া খানম, এক্সপাম প্রতিনিধি শান্তা, সাংবাদিক আনোয়ার, হাওড়া অঞ্চলের সাংবাদিক মোতাসিম আলী, চাঁদপুরের সাংবাদিকরা বি এম হান্নান, জেলে প্রতিনিধি জেসমিন আক্তার ও সিএনআরএস এর কর্মকর্তা মুখলেসুর রহমান চৌধুরী।

প্রতিবেদক: শরীফুল ইসলাম

৩০ মার্চ ২০২৬