ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হওয়ার আগেই অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় আলোচনায় এসেছে আর্জেন্টিনা। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় ম্যাচের আগে বিশ্বকাপের উৎসবমুখর পরিবেশ উপভোগ করতে এবং টুর্নামেন্টের আবহ কাছ থেকে দেখতে হাজারো ফুটবলপ্রেমী টাইমস স্কয়ারে জড়ো হন। সেখানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির অসংখ্য ভক্তও, যারা দলের প্রথম ম্যাচকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন।
তবে একপর্যায়ে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে তর্ক-বিতর্ক, ধাক্কাধাক্কি এবং হাতাহাতির দৃশ্য দেখা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে হস্তক্ষেপ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে সংঘর্ষে হতাহত বা গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি।
চাঁদপুর টাইমস ডেস্ক/
১৬ জুন ২০২৬